Logo

লিওনেল মেসির গড়া দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬, ১৪:২৫
লিওনেল মেসির গড়া দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। বুধবার রাতে প্রতিযোগিতাটিতে রিয়াল মাদ্রিদের হয়ে শততম ম্যাচ খেলেছেন এমবাপে। অন্যদিকে, জোড়া গোল করে দ্রুততম ৬০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে রোমার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থাকলেও শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্প্যানিশ ক্লাবটি। রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন এমবাপে।

এদিন ২৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচ খেলেন ফরাসি তারকা। এর মধ্য দিয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েন তিনি।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন লিওনেল মেসি। ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষেই বার্সেলোনার হয়ে ২৮ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচ খেলেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। কাকতালীয়ভাবে, সেই রোমার বিপক্ষেই মেসির রেকর্ড ভাঙলেন এমবাপে। ২০১৬ সালের সেপ্টেম্বরে মাত্র ১৭ বছর বয়সে মোনাকোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছিল তার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, ম্যানচেস্টার সিটির হয়ে পিএসজির বিপক্ষে ৪-২ গোলের জয়ে জোড়া গোল করেন হালান্ড। এতে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬১, যা তিনি করেছেন ৬০ ম্যাচে। উয়েফার তথ্য অনুযায়ী, ২৬ বছর ৮৫ দিন বয়সে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করেন এই স্ট্রাইকার। এ ক্ষেত্রে মেসির আগের রেকর্ড এক দিনের ব্যবধানে ছাড়িয়ে যান তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ৬০ গোল করতে মেসির লেগেছিল ৮০ ম্যাচ। হালান্ড তার চেয়ে ২০ ম্যাচ কম খেলেই এই মাইলফলকে পৌঁছেছেন।

এ ছাড়া প্রথম গোলটি করার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে ওঠেন হালান্ড। সার্জিও আগুয়েরোকে ছাড়িয়ে ৪১ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ায় ৩৭-এ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD