Logo

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডের রাতে ভারতের হার

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬, ১৩:৩৩
৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডের রাতে ভারতের হার
ছবি: সংগৃহীত

দুর্দান্ত ফর্মে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক শাই হোপ। ভারত সফরে এসে দুই সংস্করণেই দুটি করে সেঞ্চুরি করেছেন তিনি। নিজের সর্বশেষ সাত ম্যাচে চারটি শতকের দেখা পেয়েছেন এই ক্যারিবীয় ব্যাটার। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি করার কীর্তিও গড়েছেন তিনি। হোপের রেকর্ড গড়ার রাতে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

হায়দরাবাদে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৪৭ রানের বিশাল সংগ্রহ গড়ে সফরকারীরা। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন হোপ। ৫০ বলের অপরাজিত ইনিংসে চারটি চার ও নয়টি ছক্কায় ১০২ রান করেন তিনি। এ ছাড়া শেরফান রাদারফোর্ড ২৬ বলে চারটি চার ও তিনটি ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন। শিমরন হেটমায়ারের ব্যাট থেকে আসে ১২ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস।

টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড ছিল ২০৯ রান। ফলে ক্যারিবীয়দের দেওয়া লক্ষ্য পেরোতে হলে নতুন রেকর্ড গড়তে হতো স্বাগতিকদের। রান তাড়ায় নেমে মাত্র তিন ওভারেই দলীয় ৫০ রান পূর্ণ করে দ্রুততম এই মাইলফলক স্পর্শের রেকর্ড গড়ে শ্রেয়াস আইয়ারের দল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সঞ্জু স্যামসন ২০ বলে অর্ধশতক পূর্ণ করে ৫৬ রান করে সাজঘরে ফেরেন। তবে অন্য ওপেনার অভিষেক শর্মা প্রত্যাশা পূরণ করতে পারেননি। ২৪ বলে ২৯ রান করেন তিনি। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

তিলক ভার্মা ও নীতিশ কুমার রেড্ডি পাল্টা লড়াই চালিয়ে যাওয়ায় জয়ের আশা বেঁচে ছিল স্বাগতিকদের। তিলক ২৫ বলে ৪৩ এবং নীতিশ ২০ বলে ৪১ রান করেন। তবে কিমো পলের বোলিংয়ে সেই আশা শেষ হয়ে যায়। পাঁচ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন এই ক্যারিবীয় পেসার। তিন বল বাকি থাকতেই ২২৩ রানে অলআউট হয় ভারত।

২৪ রানের জয়ে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি শিরোপা জয়ের সম্ভাবনাও টিকিয়ে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী শনিবার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

বিজ্ঞাপন

এদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এর আগে সর্বোচ্চ দুটি করে সেঞ্চুরি ছিল ক্রিস গেইল ও এভিন লুইসসহ তিন ব্যাটারের। তাদের ছাড়িয়ে তৃতীয় সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন হোপ। উল্লেখযোগ্য বিষয় হলো, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার তিনটি সেঞ্চুরির প্রতিটিই ১০২ রানে গিয়ে শেষ হয়েছে।

এ ছাড়া দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে যৌথভাবে সর্বোচ্চ দুটি করে সেঞ্চুরির রেকর্ডেও নাম লিখিয়েছেন হোপ। এই তালিকায় রয়েছেন ফিল সল্ট, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা ও মোহাম্মদ ইহসান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD