Logo

এন্ড্রিককে ছাড়তে নারাজ মরিনিয়ো, হতাশ আগ্রহী ক্লাবগুলো

profile picture
ক্রীড়া ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬, ১৬:৪১
এন্ড্রিককে ছাড়তে নারাজ মরিনিয়ো, হতাশ আগ্রহী ক্লাবগুলো
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে নিয়মিত একাদশে জায়গা পাচ্ছেন না ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক। গত মৌসুমে ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওতে খেলতে গিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেও স্প্যানিশ ক্লাবটিতে ফিরে প্রত্যাশিত সুযোগ পাননি তিনি। নতুন কোচ হোসে মরিনিয়োর অধীনে পরিস্থিতি বদলানোর আশা থাকলেও এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে তাঁকে। এদিকে, এন্ড্রিককে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে কয়েকটি ক্লাব। তবে তাঁকে ধারে ছাড়ার সম্ভাবনা নাকচ করে আগ্রহী দলগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছেন রিয়াল কোচ।

বিজ্ঞাপন

টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এন্ড্রিকের প্রশংসা করে মরিনিয়ো বলছেন, ‘এটা (দলবদলের কথা) ভুলে যান, আগ্রহী ক্লাবগুলোর কথাও ভুলে যান। আপনাদের বরং বসে অপেক্ষা করা উচিত, নইলে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন। এন্ড্রিক এমন একজন খেলোয়াড়, যাকে আমি ভীষণ পছন্দ করি। তার অসাধারণ সম্ভাবনা রয়েছে। আর সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

‘যে ক্লাবই তাকে পেতে আগ্রহী হবে, তাকে আমার সঙ্গে কঠিন লড়াই করতে হবে। কারণ, আমি বিশ্বাস করি, এন্ড্রিককে ধারে পাঠানোর প্রয়োজন নেই। সে এখানেই দারুণ সফল হবে’, আরও যোগ করেন পর্তুগিজ এই কোচ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগেও বেশ কয়েকবার মরিনিয়ো এন্ড্রিকের প্রশংসা করেছেন। তবে রিয়াল মাদ্রিদে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখনও নিয়মিত খেলার সুযোগ পাননি ২০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। সম্প্রতি খবর বেরিয়েছে, আগামী জানুয়ারির দলবদলে ব্রাজিল ফরোয়ার্ডকে ধারে নিতে আগ্রহী ইতালির ক্লাব রোমা ও এসি মিলান। গত ৬ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন এন্ড্রিক। তবে মরিনিয়োর অধীনে খেলার সুযোগ সীমিত থাকলেও তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন।

মৌসুমের শুরুতে চোটের কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল এন্ড্রিককে। এরপর সুস্থ হয়ে ফিরলেও এখনও পর্যাপ্ত খেলার সুযোগ পাননি তিনি। এ প্রসঙ্গে রিয়াল কোচ বলছেন, ‘প্রাক-মৌসুম প্রস্তুতির পর মৌসুমের শুরুতে সে চোটে পড়ে। সেই চোটের কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। এটা সত্যি যে, আমি নিজেও তার সঙ্গে কথা বলেছি। সুস্থ হয়ে ফেরার পরও সে এখনও সুযোগ পায়নি।’

মরিনিয়ো বলেন, ‘সৌভাগ্য ছিল আমাদের জন্য (তাকে নামতে হয়নি), কিন্তু এটি আবার তার জন্য দুর্ভাগ্যজনক। আমরা যখন গোল করি, তখন সে মাঠে নামার অপেক্ষায় ছিল। বলতে গেলে গোল করার প্রায় সেই মুহূর্তেই তার মাঠে নামার কথা ছিল। এরপর যখন আমরা এগিয়ে যাই এবং ১০ জন নিয়ে খেলছিলাম, তখন কোচের সিদ্ধান্ত পরিবর্তন করে অন্য বিকল্প বেছে নেওয়াটা স্বাভাবিক।’

বিজ্ঞাপন

সব মিলিয়ে, এন্ড্রিকের খেলার সুযোগ এখনো সীমিত থাকলেও তাঁকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন মরিনিয়ো। রোমা ও এসি মিলানের মতো ক্লাব আগ্রহী থাকলেও রিয়াল মাদ্রিদ থেকে তাঁকে ধারে ছাড়ার বিষয়ে এখনই ইতিবাচক নন এই কোচ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD