আমিই ইতিহাসের সেরা ফুটবলার, কথা শেষ: রোনালদো

ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকেই মনে করেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের গোল করার অসাধারণ রেকর্ডও যথাযথ স্বীকৃতি পাচ্ছে না বলে আক্ষেপ করেছেন আল নাসরের এই তারকা। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার লক্ষ্য নিয়েও আত্মবিশ্বাসী তিনি।
বিজ্ঞাপন
সিএনএন পর্তুগালকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, নিজের পারফরম্যান্স এবং গোলের জন্য যে স্বীকৃতি প্রাপ্য, তা তিনি পাচ্ছেন না। তাঁর সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক।
ক্যারিয়ারে ১ হাজার গোলের লক্ষ্যে পৌঁছানোর বিষয়ে প্রশ্ন করা হলে নিজের অবস্থান স্পষ্ট করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
রোনালদো বলেন, ‘আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, তবু ইতিহাসের সেরা খেলোয়াড় আমি। ব্যস, কথা শেষ।’
বিজ্ঞাপন
হাজার গোলের মাইলফলকে চোখ
প্রতিবেদন অনুযায়ী, ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে ১ হাজার ৩৩৭ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৯৮০। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারলে সেটিকে অসাধারণ অর্জন হিসেবে দেখছেন তিনি।
রোনালদো বলেন, ‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি ১ হাজার গোলের সেই সংখ্যায় পৌঁছাতে পারি, সেটা হবে অসাধারণ কিছু। এটি এমন একটি লক্ষ্য, যেটি অর্জনের জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদে কী হবে, তা নিয়ে আমি ভাবি না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিজের গোলসংখ্যা ও ধারাবাহিক পারফরম্যান্সকে বড় অর্জন হিসেবে দেখলেও ভবিষ্যৎ নিয়ে খুব বেশি দূর ভাবতে চান না পর্তুগিজ তারকা।
অবসর নিয়ে এখনো সিদ্ধান্তহীন
৪১ বছর বয়সী রোনালদো কবে ফুটবলকে বিদায় জানাবেন, সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলেননি। তাঁর মতে, অবসরের সিদ্ধান্ত নির্ভর করবে ভবিষ্যতে নিজের অনুপ্রেরণা ও খেলার ইচ্ছার ওপর।
বিজ্ঞাপন
রোনালদো বলেন, ‘আগামীকাল কী হবে, তা-ও আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার আর অনুপ্রেরণা নেই, আর খেলতে ইচ্ছা করছে না। সত্যি বলতে, কী ঘটতে পারে, তা আমি জানি না।’
ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন রোনালদো। তবে সেই লক্ষ্য কত দ্রুত পূরণ হবে এবং কত দিন তিনি পেশাদার ফুটবল চালিয়ে যাবেন, তা এখনো অনিশ্চিত।








