সৌদি আরবের প্রতি সংহতি জানিয়ে রোনালদোর বিশেষ বার্তা

সৌদি আরবের প্রতি নিজের গভীর ভালোবাসা ও সংহতির প্রকাশ ঘটিয়েছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশটির রাজধানী রিয়াদে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে আল নাসরের হয়ে মাঠে নামার আগে সৌদি পতাকায় চুমু খান তিনি। ম্যাচ শেষে সৌদি জাতীয় দলের স্কার্ফ নাড়িয়ে সমর্থকদের সঙ্গে জয় উদযাপন করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
বিজ্ঞাপন
২০২৩ সালের শুরুতে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। দেশটির সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার পাশাপাশি সৌদি আরবের সঙ্গে নিজের সম্পর্কের কথাও বিভিন্ন সময়ে তুলে ধরেছেন তিনি। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়নের সময় তাঁর বক্তব্য ছিল, ‘আমি পর্তুগিজ। কিন্তু আমি সৌদি আরবেরও।’
এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে নেফৎচি ফারগানার বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ের ম্যাচেও সৌদি আরবের প্রতি সেই সংহতির প্রকাশ দেখা যায়। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে রিয়াদে সোমবার রাতে ম্যাচটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর শুরু হয়। ম্যাচে দারুণ একটি গোলও করেন রোনালদো।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ম্যাচ শুরুর আগে সৌদি আরবের জাতীয় পতাকায় চুমু খান তিনি। পরে জয় উদযাপনের সময় গ্যালারির এক দর্শকের কাছ থেকে সৌদি জাতীয় দলের স্কার্ফ নিয়ে বাতাসে নাড়ান এবং গলায় জড়িয়ে নেন। এরপর দর্শকদের হাততালির সঙ্গে উদযাপনে অংশ নেন এই পর্তুগিজ তারকা।
বিজ্ঞাপন
সৌদি আরবের প্রতি রোনালদোর এই সমর্থনের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। স্কার্ফ হাতে তাঁর উদযাপনের ছবি প্রকাশ করে আল নাসরের ইংরেজি অ্যাকাউন্টে লেখা হয়, ‘সৌদি আরবের একটি টুকরো, যিনি হৃদয়ের খুব কাছাকাছি।’
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সৌদি আরবের প্রতি রোনালদোর এই প্রকাশ্য সংহতিও এখন ফুটবলপ্রেমীদের আলোচনায় উঠে এসেছে।








