৩৬ বছর বয়সে মারা গেলেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার সারাহ

জিম্বাবুয়ের সাবেক নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার সারাহ ডামবানেভানা মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) হারারেতে ৩৬ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, গত মার্চে একটি চিকিৎসাপদ্ধতির মধ্য দিয়ে যাওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সারাহ।
বিজ্ঞাপন
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে খেলেছেন সাবেক এই পেসার। ২০১১ সালের বিশ্বকাপ বাছাইপর্বেও দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে আম্পায়ারিংয়ে যুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন সারাহ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০২২ সালে আইসিসির আম্পায়ার উন্নয়ন প্যানেলে জায়গা পান তিনি। পরের বছর ২ সেপ্টেম্বর আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে যাত্রা শুরু হয় তার। একই বছর অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সারাহ। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করা প্রথম জিম্বাবুইয়ান নারী আম্পায়ার হিসেবে ইতিহাস গড়েন তিনি।
২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারিং করেন সারাহ। এরপর ২০২৫ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করেন তিনি। ওই বিশ্বকাপে ইতিহাস গড়া সর্ব-মহিলা ম্যাচ অফিশিয়াল প্যানেলের সদস্য ছিলেন সারাহ।
আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৬৩টি ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। এর মধ্যে ৪২টি নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক, ১১টি নারী ওয়ানডে আন্তর্জাতিক এবং ১০টি পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেট ও বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টেও দায়িত্ব পালন করেছেন এই নারী আম্পায়ার।








