Logo

দুই আফগান ব্যাটারকে ফিরিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, ১৮:২২
দুই আফগান ব্যাটারকে ফিরিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে আফগানিস্তান। পেসার এবাদত হোসেন ও হাসান মাহমুদের বোলিংয়ে চাপে পড়েছে সফরকারীরা। চতুর্থ দিনের চা বিরতিতে যাওয়ার সময় আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৪২৮ রান, অন্যদিকে বাংলাদেশের দরকার ৮ উইকেট।

বিজ্ঞাপন

চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারেই এবাদত হোসেনের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন আব্দুল মালিক। তিনি করেন মাত্র ২ রান। পরে ক্রিজে আসা শহীদুল্লাহকে ১৪ রানে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। চা বিরতির সময় উইকেটে ছিলেন সাদিকুল্লাহ আতাল ও রহমত শাহ।

এর আগে তৃতীয় দিন শেষ বিকেলে মাত্র ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ দিন সকালে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাটিং শুরু করে দলটি। আগের দিন ৫ রানে অপরাজিত থাকা লিটন দাসের সঙ্গে ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ।

এই জুটি ধীরে ধীরে বাংলাদেশের লিড বাড়াতে থাকে। লিটন একদিকে আগ্রাসী ব্যাটিং করেন, অন্যদিকে মিরাজ দায়িত্বশীলভাবে ইনিংস এগিয়ে নেন। দুইবার জীবন পাওয়া লিটন ৬১ বলে তুলে নেন অর্ধশতক। এটি এক টেস্টে তাঁর টানা দ্বিতীয় এবং ক্যারিয়ারের ২২তম ফিফটি।

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসে ১৮ রান করার সময়ই আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন লিটন। কায়েস আহমেদের বলে দুবার ক্যাচের সুযোগ পেয়েও বেঁচে যান তিনি। প্রথমবার স্লিপে কামাল ক্যাচ ফেলেন। পরে কায়েস নিজেও ক্যাচ নিতে ব্যর্থ হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর মিরাজকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন লিটন। সপ্তম উইকেটে দুজন মিলে যোগ করেন ১৪৯ রান, যা বাংলাদেশকে বড় লিড এনে দেয়।

ফিফটির পর সেঞ্চুরিও তুলে নেন লিটন। ১১৫ বলে তিন অঙ্কে পৌঁছানো এই উইকেটকিপার ব্যাটার শেষ পর্যন্ত ১১৭ বলে ১০২ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার।

বিজ্ঞাপন

অন্য প্রান্তে মিরাজও তুলে নেন অর্ধশতক। ৯৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। পরে ৭ উইকেটে ৩৭২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৪৬ রান।

জবাবে প্রথম ইনিংসে হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। দলটি অলআউট হয় ২৪০ রানে। ফলে দুই ইনিংস মিলিয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে চতুর্থ দিনের শেষ ভাগে জয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD