আফগান প্রিমিয়ার লিগের ড্রাফট থেকে নাম প্রত্যাহার অলি পোপের

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরের খেলোয়াড় ড্রাফট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার অলি পোপ। আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নারী ও মেয়েদের অধিকার পরিস্থিতি নিয়ে ইংলিশ ক্রিকেটে বিতর্কের মধ্যেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ড্রাফট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পোপ নিজেই নিয়েছেন।
বিজ্ঞাপন
এপিএলে খেলার জন্য নাম নিবন্ধন করেছিলেন পোপ। ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে তিনিই ছিলেন ড্রাফটে অংশ নিতে আগ্রহী একমাত্র খেলোয়াড়। গত সোমবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে। সেখানে ১২ মাসের চুক্তি পেয়েছেন এই ব্যাটার।
এর আগে আফগানিস্তান প্রিমিয়ার লিগে ইংলিশ ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছিলেন ইসিবির ক্রিকেট পরিচালক রব কি। তাঁর মতে, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাওয়া ক্রিকেটারদের অংশগ্রহণ আইনগতভাবে ঠেকানো কঠিন। তবে বিষয়টি নৈতিকতার সঙ্গে জড়িত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রব কি বলেছিলেন, আফগানিস্তানে নারীদের সঙ্গে যে আচরণ করা হয়, তা তিনি সমর্থন করেন না। একই সঙ্গে বিদেশি লিগে খেলার বিষয়ে ক্রিকেটারদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতার কথাও উল্লেখ করেন তিনি। এপিএলে অংশ নিতে হলে ইংলিশ ক্রিকেটারদের ইসিবির কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে।
বিজ্ঞাপন
২০২১ সালে তালেবান সরকার পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ইংল্যান্ড। দেশটিতে নারী ও মেয়েদের অধিকার সীমিত করার প্রতিবাদে এই অবস্থান নিয়েছে ইসিবি। তবে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির মতো বহুদলীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় আফগানিস্তানের বিপক্ষে খেলেছে ইংল্যান্ড।
এপিএলের প্রথম আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ২৪ অক্টোবর টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা। পোপ নাম প্রত্যাহার করে নিলেও ইংল্যান্ডের সাবেক ব্যাটার ডেভিড মালানসহ আরও কয়েকজন ইংলিশ ক্রিকেটারের নাম ড্রাফটে রয়েছে।








