বিশ্বকাপে খেলতে কোহলি-রোহিতকে দুই শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের এখনও প্রায় এক বছর বাকি। তবে এরই মধ্যে ভারতের সম্ভাব্য দল নিয়ে শুরু হয়েছে আলোচনা। অভিজ্ঞ দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা আসন্ন বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়েও চলছে জল্পনা। এ পরিস্থিতিতে বিশ্বকাপে খেলার ক্ষেত্রে দুজনের জন্য দুটি শর্তের কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিঠুন মানহাস। শর্ত দুটি হলো—ফিটনেস ও পারফরম্যান্স।
বিজ্ঞাপন
কোহলির বয়স আগামী নভেম্বরে ৩৮ বছরে পৌঁছাবে। অন্যদিকে রোহিতের বর্তমান বয়স ৩৯ বছর। তবে বয়সকে দল নির্বাচনের প্রধান বিবেচ্য বিষয় হিসেবে দেখতে চান না বিসিসিআই সভাপতি। তাঁর মতে, শারীরিকভাবে ফিট থাকা এবং মাঠে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করাই জাতীয় দলে জায়গা ধরে রাখার মূল শর্ত।
দুই সাবেক অধিনায়ক টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডেতে এখনও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন। কোহলির ধারাবাহিকতা ও অভিজ্ঞতা তাঁকে বিশ্বকাপের সম্ভাব্য দলে এগিয়ে রাখছে। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে চোটের সমস্যায় পড়লেও মাঠে ফিরে কার্যকর ইনিংস খেলেছেন রোহিত। তবে শেষ পর্যন্ত তাঁদের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করবে পারফরম্যান্স, ফিটনেস এবং নির্বাচকদের সিদ্ধান্তের ওপর।
ভারতীয় ক্রিকেটে এখন চলছে পরিবর্তনের প্রক্রিয়া। টেস্ট ও টি-টোয়েন্টি দলে একাধিক পরিবর্তনের পর ওয়ানডেতেও নতুনদের সুযোগ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। চেতেশ্বর পূজারা ও রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। রোহিত ও কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে, টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন রবীন্দ্র জাদেজা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওয়ানডে দলেও তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার দিকে নজর দিচ্ছেন নির্বাচকেরা। ২০২৩ বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মোহাম্মদ শামি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পরও নির্বাচকদের বিবেচনায় পিছিয়ে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর জায়গায় হার্ষিত রানা ও গুরনুর ব্রারের মতো তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে।
‘স্পোর্টস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন মানহাস বলেন, দল নির্বাচন নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে সরাসরি মন্তব্য করার সুযোগ নেই, কারণ এ সিদ্ধান্ত নির্বাচক ও কোচদের ওপর নির্ভর করে। তবে তাঁর ব্যক্তিগত মত হলো, বয়স নয়, ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতেই ক্রিকেটারদের মূল্যায়ন করা উচিত।
মানহাসের ভাষায়, ‘যদি কেউ খেলার জন্য ফিট থাকেন এবং তাঁকে পারফর্ম করতে ও দেশের হয়ে ম্যাচ জিততে দেখা যায়, তাহলে আমাদের শুধু এই মানদণ্ডের ওপরই গুরুত্ব দেওয়া উচিত।’
বিজ্ঞাপন
২০২৭ বিশ্বকাপ সামনে রেখে গত বছরের অক্টোবরে ভারতের ওয়ানডে দলের অধিনায়ক করা হয় শুভমান গিলকে। ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের নেতৃত্বে বিশ্বকাপই হতে যাচ্ছে ভারতের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি গিলকে নেতৃত্ব দিতে সহায়তা করবে বলে মনে করেন বিসিসিআই সভাপতি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরাট, হার্দিক (পান্ডিয়া) ও রোহিত দলে থাকলে তা অবশ্যই গিলকে সাহায্য করবে। এরপর জাসপ্রিত বুমরাহর মতো খেলোয়াড়রা আছেন, যারা নেতৃত্ব দিতে পারেন। বোলিংয়ের নেতৃত্ব দিতে পারেন, আবার কেউবা ফিল্ডিংয়ের দায়িত্বেও নেতৃত্ব দেবেন। মূলত কাজগুলো ভাগ করে নেওয়ার বিষয় এটি।’
সব মিলিয়ে, কোহলি ও রোহিতের বিশ্বকাপ খেলার দরজা বন্ধ নয়। তবে তাঁদের দলে জায়গা পাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকেরা, আর সেখানে ফিটনেস ও পারফরম্যান্সই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা।








