রিয়ালে সুযোগ না পেয়ে জানুয়ারিতে মিলানে যেতে চান এন্দ্রিক

রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলার সুযোগ না পেয়ে জানুয়ারির দলবদলে ক্লাব ছাড়ার কথা ভাবছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক। স্প্যানিশ ক্লাবটি থেকে ধারে ইতালির এসি মিলানে যোগ দিতে আগ্রহী ২০ বছর বয়সী এই ফুটবলার।
বিজ্ঞাপন
রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের মতো তারকা ফুটবলার থাকায় মূল একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে এন্দ্রিকের জন্য। চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত মাত্র চার মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছেন তিনি।
নিয়মিত খেলার সুযোগ না পেলে ব্রাজিল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখাও কঠিন হতে পারে এন্দ্রিকের জন্য। এমন পরিস্থিতিতে জানুয়ারির দলবদলে ক্লাব পরিবর্তনের চিন্তা করছেন এই তরুণ ফরোয়ার্ড।
এন্দ্রিককে দলে নিতে আগ্রহী এসি মিলান ছাড়াও ইতালির আরেক ক্লাব রোমা এবং ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা তার পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে ইতালির সংবাদমাধ্যম ‘লা গাজেত্তা দেলো স্পোর্ত’-এর বরাত দিয়ে গোল ডটকমের প্রতিবেদনে মিলানকে এই দৌড়ে এগিয়ে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এন্দ্রিকের প্রতিনিধিত্বকারী সংস্থা রক নেশনের সঙ্গে এসি মিলানের মালিক জেরি কার্ডিনালের সুসম্পর্কও সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এন্দ্রিককে স্থায়ীভাবে ছেড়ে দেওয়ার বিষয়ে আগ্রহী নয় রিয়াল মাদ্রিদ। তাই জানুয়ারিতে ধারে অন্য ক্লাবে পাঠানোর সম্ভাবনাই বেশি। ২০২২ সালের শেষ দিকে পালমেইরাস থেকে এন্দ্রিককে দলে নিতে প্রায় ৪ কোটি ৭৫ লাখ ইউরো খরচ করেছিল স্প্যানিশ ক্লাবটি। এখন দুই ক্লাবের মধ্যে আলোচনা এগোলে জানুয়ারিতেই বদলে যেতে পারে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ভবিষ্যৎ।








