নাঈম-মোসাদ্দেকের সেঞ্চুরি, ৩ রানে আক্ষেপ মঈনের

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ঢাকার নাঈম শেখ ও রংপুরের মিম মোসাদ্দেক। দুজনই তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বরিশালের মঈন খানকে। মাত্র ৩ রানের জন্য তিন অঙ্কের দেখা পাননি তিনি।
বিজ্ঞাপন
শনিবার (১০ অক্টোবর) সিলেটের একাডেমি মাঠে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩৭০ রান করেছে রংপুর বিভাগ। দলের হয়ে ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মিম মোসাদ্দেক। এ ছাড়া ইকবাল হোসেন করেছেন ৭৮ এবং আব্দুল্লাহ আল মামুনের ব্যাট থেকে এসেছে ৬১ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অনিক সরকার সেতুকে হারায় রংপুর। এরপর মিম মোসাদ্দেক ও ইকবাল হোসেন ২০৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন। ১৪৭ বলে ১১ চারে ৭৮ রান করে ফেরেন ইকবাল। পরে সেঞ্চুরি পূর্ণ করেন মোসাদ্দেক। ২১২ বলে ২৩ চারে ১৫৭ রান করে আউট হন তিনি। অধিনায়ক আকবর আলী করেন ৩০ রান। দিন শেষে নবিন ইসলাম অপরাজিত আছেন ১০ রানে
আরও পড়ুন
বিজ্ঞাপন
কক্সবাজারের একাডেমি মাঠে বরিশাল বিভাগকে ২৮২ রানে অলআউট করেছে চট্টগ্রাম। বরিশালের হয়ে জাওয়াদ আবরার করেন ৬৩ রান। এরপর মঈন খান ও হাফিজুর রহমানের ১০৯ রানের জুটি দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়। ৪৪ রান করে ফেরেন হাফিজুর। তবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে থেমে যান মঈন। ১১৩ বলে ১১ চার ও ২ ছক্কায় ৯৭ রান করে আউট হন তিনি।
বিজ্ঞাপন
বরিশালের ইনিংসের জবাবে দারুণ শুরু করেছে চট্টগ্রাম। প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৭২ রান তুলেছে দলটি। মাহমুদুল হাসান জয় ২৯ এবং সাদিকুর রহমান ৪১ রানে অপরাজিত রয়েছেন।
অন্যদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ২ উইকেটে ৩৪৩ রান করেছে ঢাকা বিভাগ। দলের হয়ে সেঞ্চুরি করেছেন নাঈম শেখ। আগের ম্যাচে একাদশে জায়গা না পাওয়া এই ওপেনার এবার ব্যাট হাতে জবাব দিয়েছেন। ২১৫ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১৩১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।
ঢাকার ইনিংসে শুরুতে নাঈম ও জিসান আলম গড়েন ১৫৫ রানের জুটি। ১৩২ বলে ১১ চার ও ২ ছক্কায় ৮১ রান করে ফেরেন জিসান। তিন নম্বরে নামা আশিকুর রহমান শিবলি করেন ১০ রান। এরপর মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন দিন শেষ করেন। মার্শাল ৮০ রানে অপরাজিত আছেন, আর অঙ্কনের সংগ্রহ ৩২ রান।
বিজ্ঞাপন
দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন শেষে তিন ম্যাচেই ব্যাটারদের দাপট দেখা গেছে। রংপুর ও ঢাকা বড় সংগ্রহ গড়েছে, আর বরিশালের ২৮২ রানের জবাবে ভালো সূচনা করেছে চট্টগ্রাম। সেঞ্চুরি দিয়ে দিনটি স্মরণীয় করেছেন নাঈম ও মোসাদ্দেক; অন্যদিকে মঈনের ৯৭ রানের ইনিংস থেকে গেছে আক্ষেপ হয়ে।








