বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ডিএনসিসি কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্ট

জমকালো ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ডিএনসিসি কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবল প্রতিভা তুলে আনা এবং তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল রাতে রাজধানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুল হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ফুটবল মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে সহায়তা করে। খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সহজ হবে।
সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীকে নাগরিক সেবা দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাও সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিজ্ঞাপন
তিনি জানান, আগামী ৪ ডিসেম্বর ডিএনসিসির বিভিন্ন এলাকার মাঠে একযোগে টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক ম্যাচ শুরু হবে। আয়োজন সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও দল পরিচালকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো, ট্রফি ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়। এ সময় ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক ফুটবলার আলফাজ ও কায়সারসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ডিএনসিসি কাপ-২০২৬-এর পুরুষ ও নারী—দুই বিভাগেই ১০টি করে মোট ২০টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি এলাকার প্রতিনিধিত্বকারী দলগুলো এ প্রতিযোগিতায় অংশ নেবে।
বিজ্ঞাপন
পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো—উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ি রোভার্স, দক্ষিণখান ডমিনেটর্স, উত্তরখান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্স।
অন্যদিকে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তরা কুইনস, মিরপুর রয়্যাল কুইনস, মহাখালী মার্ভেলস, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ি ভ্যালকিরিজ, দক্ষিণখান ড্যাশার্স, উত্তরখান টাইগ্রেসেস, ভাটারা ভরটেক্স ও বাড্ডা লাইটনিং।
আগামী ৪ ডিসেম্বর থেকে প্রতিযোগিতার ম্যাচগুলো শুরু হবে। মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুরসহ চারটি মাঠে অনুষ্ঠিত হবে খেলাগুলো।
বিজ্ঞাপন
তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং নারী-পুরুষ উভয়ের জন্য প্রতিযোগিতামূলক খেলার পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ডিএনসিসির এ উদ্যোগ নগরীর তরুণদের ক্রীড়াঙ্গনে আরও সক্রিয় করতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।








