Logo

আবুধাবি টেস্টে আফগানদের প্রতিরোধ, জিততে পারল না বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ১৯:৩৩
আবুধাবি টেস্টে আফগানদের প্রতিরোধ, জিততে পারল না বাংলাদেশ
ছবি: সংগৃহীত

চতুর্থ ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে আবুধাবি টেস্টে বাংলাদেশকে জয়বঞ্চিত করেছে আফগানিস্তান। ৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত সময় শেষে ৮ উইকেট হারিয়ে ৩৪৬ রান সংগ্রহ করে ম্যাচটি ড্র করেছে আফগানরা। ৪০ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন কাইস আহমেদ। ম্যাচ ড্র হওয়ার পর আফগান ক্রিকেটারদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে জয়ের খুব কাছে গিয়েও লক্ষ্য পূরণ করতে না পারায় হতাশ বাংলাদেশ শিবির।

বিজ্ঞাপন

আফগানিস্তানের হয়ে প্রতিরোধের মূল দায়িত্ব পালন করেন ওপেনার সেদিকুল্লাহ অটল। ৩৩২ বল মোকাবিলা করে ১১১ রান করেন তিনি। তার ধৈর্যশীল ব্যাটিং বাংলাদেশের বোলারদের জন্য ম্যাচ জেতার পথ কঠিন করে তোলে। রহমত শাহসহ আফগানিস্তানের অন্য ব্যাটাররাও উইকেটে টিকে থাকার লড়াই চালিয়ে যান। এরই উদাহরণ ইসমত আলমের ব্যাটিং—৬০ বল খেলে মাত্র ৪ রান করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অটলকে ফিরিয়ে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। ১১৯তম ওভারের চতুর্থ বলে প্যাডে আঘাত লাগার পর বলটি শর্ট লেগে থাকা ফিল্ডারের হাতে জমা পড়ে। এভাবেই ১১১ রানে থামে অটলের ইনিংস।

অটল আউট হওয়ার পর ৮৫ বলে ১৯ রান করা ইয়ামিন আহমদজাইকেও সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। তবে এরপরও আফগানিস্তানের শেষ দুই উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ১৪২ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৩৪৬ রান নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। কাইস আহমেদের অপরাজিত ৪৯ রানের সঙ্গে ১২ বল খেলে কোনো রান না করে অপরাজিত থাকেন জিয়া-উর রহমান। দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলে শেষ পর্যন্ত বাংলাদেশের জয় আটকে দেয় আফগানরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD