সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ফুটবলারকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।”
দীর্ঘদিন ধরেই নির্ভরযোগ্য গোলদাতার অভাবে ভুগছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি দলের আক্রমণভাগকে শক্তিশালী করার পাশাপাশি গোলের সংকট কাটাতে সহায়ক হবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রোনান। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডেও লক্ষ্যভেদ করেন তিনি।
এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও গোল করেন রোনান। বয়সভিত্তিক পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন এই তরুণ ফরোয়ার্ড।
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।
বিজ্ঞাপন
স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান।








