Logo

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার সম্ভাব্য দুই প্রতিপক্ষ কারা?

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬, ২০:০০
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার সম্ভাব্য দুই প্রতিপক্ষ কারা?
ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষ ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে নতুন সূচনার পরিকল্পনা করছে আর্জেন্টিনা। আগামী ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই উইন্ডোতে লিওনেল মেসির আন্তর্জাতিক বিদায়ের পর নিজেদের পরবর্তী অধ্যায় শুরু করতে চায় বিশ্বচ্যাম্পিয়নরা। এ উপলক্ষে ঘরের মাঠেই দুটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফলে নভেম্বরে এশিয়া সফরের সম্ভাবনা আপাতত পিছিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে উরুগুয়ে ও কোস্টারিকার নাম। সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, উরুগুয়ের বিপক্ষে ‘রিও দে লা প্লাতা ডার্বি’ দিয়ে নতুন যাত্রা শুরু করতে পারে লিওনেল স্কালোনির দল। ম্যাচটি বোকা জুনিয়র্সের স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ফিফা আন্তর্জাতিক বিরতির দ্বিতীয় ম্যাচে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াই দেখার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে প্রথম ম্যাচটি আর্জেন্টিনার দেশের ভেতরে অন্য কোনো অঞ্চলে আয়োজন করতে চায় এএফএ। বিভিন্ন প্রতিবেদনে ওই ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে কোস্টারিকার নাম উল্লেখ করা হয়েছে। তবে দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি এখনো চূড়ান্ত হওয়ার অপেক্ষায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে মেসির বিদায়ী ম্যাচের আগে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। দুই ম্যাচেই বড় ব্যবধানে জয় পায় স্কালোনির দল। কর্দোবায় বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দেয় তারা। এই দুই ম্যাচে খেলেননি মেসি।

বিজ্ঞাপন

এরপর বেনিনের বিপক্ষে ম্যাচটি মেসির আন্তর্জাতিক বিদায়ের উপলক্ষ হয়ে ওঠে। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন আর্জেন্টাইন অধিনায়ক। তার নৈপুণ্যে আর্জেন্টিনা ৩-০ গোলে জয় পায়।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর এবার মেসিকে ছাড়াই ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছে আর্জেন্টিনা। নভেম্বরের সম্ভাব্য দুই প্রীতি ম্যাচ সেই নতুন যাত্রারই অংশ হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD