Logo

বিসিবির কাভার্ডভ্যান থামিয়ে ক্রিকেটারদের মালামাল লুট

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১৭:৩১
বিসিবির কাভার্ডভ্যান থামিয়ে ক্রিকেটারদের মালামাল লুট
ছবি : এআই দিয়ে তৈরি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের মালামাল পরিবহনের সময় নাটোরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হরিশপুর বাইপাস এলাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি কাভার্ডভ্যান আটকে ক্রিকেটারদের লাগেজ ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে নগদ তিন লাখ টাকাসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী বিভাগ মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলার পর গতকাল সকালে বিমানে রাজশাহীতে ফেরেন দলের ক্রিকেটাররা। এর আগের রাতে তাঁদের ৫৪টি লাগেজ ও ক্রিকেট সরঞ্জাম নিয়ে একটি কাভার্ডভ্যান রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছিল। পথিমধ্যে নাটোরের হরিশপুর বাইপাস এলাকায় সেটি আটকে মালামাল লুট করা হয়।

রাজশাহী বিভাগের ক্রিকেটার মহর শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে থাকা পাঁচজনের একটি দল কাভার্ডভ্যানটির পিছু নিয়ে নির্দিষ্ট স্থানে সেটির পথ আটকায়। পরে ক্রিকেটারদের লাগেজ ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় চারজন গ্রেপ্তার হলেও একজন এখনো পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘটনার বিবরণ দিয়ে মহর বলেন, ‘ডাকাতি হয়েছে আসলে। ওরা পাঁচ-ছয়জনের একটা গ্রুপ ছিল। বাইক নিয়ে কাভার্ডভ্যানটা ফলো করতে করতে এসে নাটোর যেটা হরিশপুর বাইপাস বলে, ওখানে কাভার্ডভ্যান আটকায় আর জিনিসগুলো ছিনিয়ে নেয়। মিসিং ছিল যেগুলো, তার মধ্যে অলরেডি চারটা উদ্ধার হয়েছে আর বাকি এখনো চারটার মতো মিসিং আছে। তার মধ্যে আমারটাও মিসিং আছে।’

বিজ্ঞাপন

নগদ টাকা ও মূল্যবান সামগ্রী এখনো উদ্ধার হয়নি

লুট হওয়া মালামালের মধ্যে ছিল ম্যাসাজ বেড, ব্লেন্ডার, নগদ টাকা, আইফোনসহ বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী। উদ্ধার হওয়া জিনিসের বিষয়ে মহর জানান, কিছু মার্কিন ডলার ও একটি আইফোন ফেরত পাওয়া গেছে। তবে নগদ তিন লাখ টাকা এবং তাঁর নিজের ব্যাগের বেশ কিছু জিনিস এখনো নিখোঁজ।

মহর বলেন, ‘মোটামুটি ইউএস ডলার আর আইফোনটা উদ্ধার করা গেছে। যে তিন লাখ টাকা ছিল, সেটা ব্যাগে পাওয়া যায়নি। আর আমার যে ব্যাগটা ছিল, আমার ব্যাগের মধ্যে স্পিকার, এয়ারপডস আরও অনেক কিছুই ছিল। এটা পাওয়া যায়নি এখন পর্যন্ত। যে ক্রিমিনালগুলো ধরছে, ওদের পরনে আমার প্যান্ট ছিল। মানে আমার ব্যাগ খুলে ওরা জিনিসপত্র ব্যবহার করছে। এখন পর্যন্ত ওগুলো উদ্ধার হয়নি।’

বিজ্ঞাপন

মেহরাবের টাকা নিখোঁজ, উদ্ধার হয়েছে পাসপোর্ট ও ডলার

মহরের দেওয়া তথ্য অনুযায়ী, ক্রিকেটার মেহরাব হোসেনের তিন লাখ টাকা এখনো পাওয়া যায়নি। তবে তাঁর আইফোন, পাসপোর্ট ও ডলার উদ্ধার হয়েছে। দলের ম্যাসাজম্যানের ম্যাসাজ বেড পাওয়া গেলেও তাঁর দুটি রানিং শু ও ব্লেন্ডার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। একইভাবে ক্রিকেটার ওয়ালিদের লাগেজে থাকা কাপড়চোপড়ও নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উদ্ধারের অগ্রগতি সম্পর্কে মহর বলেন, ‘চারজনের চুরি হয়েছিল, দুইজনেরটা পাওয়া গেছে। মানে উদ্ধার হয়েছে। (উদ্ধার) হাফ হয়েছে আর কি।’

জিডি থেকে মামলা, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ

বিজ্ঞাপন

মহর জানান, ঘটনার পর প্রথমে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তী সময়ে সেটিকে মামলা হিসেবে গ্রহণ করা হয়।

এ বিষয়ে তিনি বলেন, ‘একটা জিডি ছিল আমাদের, ওটাই কেস হয়েছে আর কি। এ পর্যন্তই আপডেট।’

গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি মালামাল উদ্ধারের বিষয়ে অগ্রগতি হতে পারে বলে আশা করছেন এই ক্রিকেটার। তাঁর ধারণা, পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার করা গেলে নিখোঁজ সামগ্রী উদ্ধারের সম্ভাবনা বাড়বে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মহর বলেন, ‘এখন ওনারা যে কেস হয়েছে, এখন ওনারা রিমান্ডে নিয়ে আর কি জিজ্ঞাসাবাদ করবে। চারজনকে ধরছে, একজন পলাতক আছে। ওকে ধরলে হয়তো সবকিছু পাওয়া যাবে।’

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD