Logo

বিশ্বকাপের আগে পরামর্শক খুঁজছে বিসিবি, আলোচনায় ভিলিয়ার্স-ডোনাল্ড

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৬, ১৫:৪৭
বিশ্বকাপের আগে পরামর্শক খুঁজছে বিসিবি, আলোচনায় ভিলিয়ার্স-ডোনাল্ড
ছবি: সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে পরামর্শক নিয়োগের কথা ভাবছে বোর্ড। সম্ভাব্য তালিকায় দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের পাশাপাশি সাবেক টাইগার কোচ অ্যালান ডোনাল্ডের নামও রয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার ম্যালিবংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বিসিবি। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন তিনি।

২০২৭ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কারণে স্থানীয় পরিবেশ ও কন্ডিশন সম্পর্কে মাকেতার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি। বিশ্বকাপকে সামনে রেখে তার সঙ্গে আরও অভিজ্ঞ কাউকে পরামর্শক হিসেবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী ঢাকা পোস্টকে জানিয়েছেন, এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। তবে এবি ডি ভিলিয়ার্সসহ আরও কয়েকজনের নাম বিবেচনায় রয়েছে। একই সঙ্গে সাবেক টাইগার কোচ অ্যালান ডোনাল্ডের নামও আলোচনায় রয়েছে।

বিজ্ঞাপন

পরামর্শক নিয়োগ দেওয়া হলেও তা দীর্ঘমেয়াদি হবে না বলে জানা গেছে। বিশ্বকাপের প্রস্তুতিকে কেন্দ্র করে স্বল্পমেয়াদি চুক্তিতেই তাদের যুক্ত করার পরিকল্পনা করছে বিসিবি।

বিসিবির কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক কর্মকর্তাও জানিয়েছেন, বিশ্বকাপ ঘিরে জাতীয় দলকে নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তবে সেগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD