অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে সেখানেই পুনর্বাসন করবেন নাহিদ রানা

দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের পেসার নাহিদ রানা উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আবারও অস্ট্রেলিয়া গেছেন। সেখানে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি পুনর্বাসন প্রক্রিয়াও সম্পন্ন করবেন তিনি।
বিজ্ঞাপন
গত দুই মাসের বেশি সময় ধরে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নাহিদ। এ সময়ে বেশ কয়েকটি সিরিজেও খেলতে পারেননি তিনি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের মাধ্যমে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই পেসার। তবে গত মাসের শেষ দিকে আবারও কোমরের নিচের অংশে চোট পান তিনি।
এরপর স্ক্যান করানো হলে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু ব্যথা থাকায় দীর্ঘ সময় ধরে বোলিং করতে পারছেন না নাহিদ। এ পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়েন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ায় পৌঁছে আগামী সোমবার চিকিৎসক ডা. পিটার দি আলেসান্দ্রোর সঙ্গে দেখা করার কথা রয়েছে নাহিদের। এরপর সেখানে ১০ দিনের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন এই পেসার।
বিজ্ঞাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র অনুযায়ী, অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর আরও তিন থেকে চার সপ্তাহ নিজের ওয়ার্কলোড নিয়ে কাজ করবেন নাহিদ। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁর খেলার সম্ভাবনা নেই।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরে থ্রি ডি টুর্নামেন্টের টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন বাংলাদেশের এই গতিময় পেসার। তবে তাঁর মাঠে ফেরার বিষয়টি নির্ভর করবে পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতি ও শারীরিক অবস্থার ওপর।








