Logo

শাহজালাল বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১৭:০৩
শাহজালাল বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
ছবি: সংগৃহীত

ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংরক্ষিত অংশে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও চার সহ-সভাপতি। প্রায় এক ঘণ্টার আলোচনায় বাংলাদেশের ফুটবলের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও ফিফার আর্থিক সহায়তাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বাফুফের সহ-সভাপতি ও গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি বলেন, ‘সভাপতি ও আমরা সবাই বাংলাদেশের ফুটবলের নানা বিষয় তুলে ধরেছি। কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টি তাঁকে অবহিত করা হয়েছে। প্রয়োজনে ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দেওয়ার ব্যাপারেও প্রাথমিক আশ্বাস দিয়েছেন।’

দুপুর ২টা ৫০ মিনিটে থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়েন ইনফান্তিনো। ভুটানে দুই দিন অবস্থান করার কথা রয়েছে তাঁর। ২০ অক্টোবর ফেরার পথেও বাংলাদেশে যাত্রাবিরতির সম্ভাবনা রয়েছে। তবে সে সময় বাফুফের কর্মকর্তারা জাপানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেসে অংশ নিতে থাকবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশে ফিফা সভাপতির সফর এবারই প্রথম নয়। সাবেক ফিফা সভাপতি হুয়াও হ্যাভেল্যাঞ্জ ১৯৮১ সালে ঢাকায় পাইওনিয়ার ফুটবলের উদ্বোধন করেন। আরেক সাবেক সভাপতি সেপ ব্লাটার ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপ উদ্বোধন করতে বাংলাদেশে আসেন। ২০১২ সালেও তিনি ঢাকা সফর করেন।

বিজ্ঞাপন

বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০১৭ সালে এক দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। প্রায় নয় বছর পর আবারও ঢাকায় এলেন তিনি। তবে এবার পূর্ণাঙ্গ সফরের পরিবর্তে যাত্রাবিরতির সময় অল্প কিছুক্ষণ অবস্থান করেন।

ফিফা সভাপতি বাংলাদেশে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করবেন, তা গতকাল বিকেল পর্যন্ত নিশ্চিত ছিল না। রাতে বিষয়টি নিশ্চিত হলেও বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি। ইনফান্তিনো ঢাকা ছাড়ার সময় গণমাধ্যমকর্মীদের ছবি ও ভিডিও সরবরাহ করা হয়।

এদিকে ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে জাতীয় দলের ব্যর্থতা এবং ফুটবলারদের নাইট ক্লাবে যাওয়ার ঘটনা ঘিরে বিতর্কের পর জাতীয় দল কমিটির সভাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ওই সভার বিষয়েও ফেডারেশনের পক্ষ থেকে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অথচ নারায়ণগঞ্জে একটি একাডেমি পরিদর্শনের সময় সাংবাদিকদের একাধিকবার আমন্ত্রণ জানানো হয়েছিল। এ নিয়ে বাফুফের তথ্য প্রকাশ ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD