বিপিএলে দল কিনতে আগ্রহী লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি কিনে যুক্ত হতে চান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। উপযুক্ত সুযোগ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিনিয়োগ করতে আগ্রহী তিনি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে খেলোয়াড় বিনিময় ও উন্নয়নমূলক কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে তাঁর।
বিজ্ঞাপন
বর্তমানে আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ দল। সেখানেই বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএলে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন সামিন রানা।
তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছাকাছি। আমি বিপিএল বা বাংলাদেশ ক্রিকেটের কোথাও অংশ নেওয়ার সুযোগ খুঁজছি। সবকিছু আসলে নির্ভর করে কী ধরনের সুযোগ সামনে আসে তার ওপর। যদি কোনো সুযোগ থাকে, আমি বিপিএলের অংশ হতে পছন্দ করব।’
বিপিএলের সম্ভাবনা নিয়ে আশাবাদী সামিন
বিজ্ঞাপন
বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্রশংসা করে লাহোর কালান্দার্সের মালিক বলেন, ‘বিপিএল চমৎকার একটি টুর্নামেন্ট। আমি জানি এটি কিছু সময় ধরে কঠিন সময় পার করছে এবং এর পেছনে কিছু কারণ রয়েছে। তবে আমার মনে হয় বাংলাদেশ এবং পাকিস্তানে আমাদের যে ধরনের আবেগ রয়েছে, তাতে এই লিগ আয়োজনে সংগ্রাম করা উচিত নয়।’
সামিনের মতে, বাংলাদেশ ও পাকিস্তানে ক্রিকেট নিয়ে সমর্থকদের আবেগ এবং আগ্রহ অত্যন্ত প্রবল। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে বিপিএলকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে।
তামিম ইকবালের সঙ্গে আলোচনা হয়েছে
বিজ্ঞাপন
বিপিএলে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানিয়েছেন সামিন। পিএসএলে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটে কাজে লাগাতে চান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সামিন বলেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে আমার কিছু আলোচনা হয়েছিল, যেখানে অভিজ্ঞতা শেয়ার হয়েছে। যেমন আমি ১১ বছর ধরে পিএসএলের অংশ, দক্ষিণ আফ্রিকার জিএল২০ গ্লোবাল লিগেরও অংশ ছিলাম। আমরা সেই গ্রুপের অংশ ছিলাম। আমি একাধিকবার টি-টেন লিগের অংশ ছিলাম, বেশ কিছুদিন ধরে ক্রিকেট কানাডার সঙ্গেও কাজ করছি।’
নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বছরের পর বছর ধরে আমাদের অনেক জ্ঞান এবং বোঝাপড়া তৈরি হয়েছে। তাই আমরা কিছু চিন্তাভাবনা শেয়ার করছিলাম যে কীভাবে এটিকে উন্নত করতে পারি। যদি এমন কোনো সুযোগ তৈরি হয় যা উভয়পক্ষের জন্যই লাভজনক পরিস্থিতি তৈরি করতে পারে, তবে আমি বিপিএলের অংশ হতে খুবই আনন্দিত হব।’
বিজ্ঞাপন
বিপিএলে সুযোগ না পেলেও বিকল্প পরিকল্পনা
বিপিএলে ফ্র্যাঞ্চাইজি কেনার সুযোগ না মিললেও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কাজ করতে চান সামিন। সে ক্ষেত্রে বিসিবির সঙ্গে খেলোয়াড় বিনিময় কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে তাঁর। এর মাধ্যমে দুই দেশের ক্রিকেটারদের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই যেকোনো সুযোগ কাজে লাগাব। আর বাংলাদেশে যেতে আমি খুব পছন্দ করব। আশা করি বিপিএলে আমরা কোনো সুযোগ পাব। যদি তা না-ও হয়, তবে বিসিবি-র সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রাম (বিনিময় কর্মসূচি) করতে চাই। কারণ আমরা সম্প্রতি গায়ানার সঙ্গে চুক্তি করেছি, গায়ানা ইয়ুথ অ্যান্ড কালচার মিনিস্ট্রির সঙ্গে চুক্তি করেছি। তারা তাদের প্লেয়ারদের পাঠাবে।’
বিজ্ঞাপন
পাকিস্তানের ক্রিকেট অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশি খেলোয়াড়দের জন্যও প্রশিক্ষণের সুযোগ তৈরিতে আগ্রহী তিনি। সামিন জানান, ‘জিম্বাবুয়ের ৮ জন প্লেয়ার ৬ সপ্তাহের জন্য ইসলামাবাদ হাই পারফরম্যান্স সেন্টারে ছিল। তাই বাংলাদেশ থেকেও যদি তারা মনে করে, তবে পাকিস্তানে আসা এবং একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করতে আমি ভীষণ আনন্দিত হব। এটাই আমার পরিকল্পনা।’
সামিন রানার আগ্রহ বাস্তবে রূপ নিলে বিপিএলে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে বিপিএলে দল কেনার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা আসেনি।








