বিসিবির নতুন টুর্নামেন্টের কোনো ঘাটতি দেখছেন না আমিনুল হক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) না হওয়ায় এবার সেই আদলে নতুন একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ডি থ্রি’ নামে পরিচিত এই টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে গতকাল রাতে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিজ্ঞাপন
নতুন এই আয়োজনকে বাংলাদেশের ক্রিকেটের পাশাপাশি সামগ্রিক ক্রীড়াঙ্গনের জন্যও ইতিবাচক হিসেবে দেখছেন আমিনুল। তাঁর মতে, ঘরোয়া ক্রিকেটের পরিধি বাড়লে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে ঘরোয়া পর্যায়ের ক্রিকেটারদের পারফরম্যান্সের ব্যবধানও কমবে।
আমিনুল হক বলেন, ‘এই টুর্নামেন্ট আগামীর বাংলাদেশের ক্রিকেটই নয় শুধু, আগামীর বাংলাদেশের সব খেলাকেই অনেক বেশি উদ্বুদ্ধ করবে। বছরের ছয় থেকে সাত মাস যদি আমাদের ঘরোয়া ক্রিকেট মাঠে রাখতে পারি, জাতীয় দলে যারা খেলে বা ঘরোয়া ক্রিকেটে যারা খেলে, তাদের মধ্যে আকাশ–পাতাল তফাত দেখা যাবে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে ছোটখাটো বিতর্কের চেয়ে মূল খেলায় বেশি মনোযোগ দেওয়ার আহ্বানও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা মনে হয় ক্রিকেটের দিকে ফোকাস করি না। আমরা ছোট ছোট বিষয় যেখানে তর্ক-বিতর্ক উঠবে ওই বিষয়কে বেশি গুরুত্ব দিই। আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত ক্রিকেট এবং ক্রিকেট কিভাবে এগিয়ে যাবে।’
বিজ্ঞাপন
বিসিবির নতুন এই টুর্নামেন্টে কোনো ঘাটতি দেখছেন না বলেও জানান আমিনুল। তাঁর ভাষায়, ‘আমাদের ডি থ্রি টুর্নামেন্ট হবে আমি সেখানে ঘাটতি দেখি না। নতুন উদ্যোগে, নতুন স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছে। আমরা আশা করি এই টুর্নামেন্ট আমাদের ক্রিকেটের জৌলুস ফেরাবে।’
বিপিএলের বিকল্প হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় খেলা চালু রাখা এবং ক্রিকেটারদের নিয়মিত প্রতিযোগিতার মধ্যে রাখার ওপর গুরুত্ব দিচ্ছে বিসিবি। আমিনুলের বক্তব্যেও ঘরোয়া ক্রিকেটের পরিধি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।








