Logo

সুপার সানডেতে ছয় সেঞ্চুরি, ওয়ানডেতে নতুন বিশ্বরেকর্ড

profile picture
ক্রীড়া ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৭
সুপার সানডেতে ছয় সেঞ্চুরি, ওয়ানডেতে নতুন বিশ্বরেকর্ড
ছবি: সংগৃহীত

এক দিনে তিনটি ওয়ানডে ম্যাচ, আর তাতেই ছয়টি সেঞ্চুরি—৫০ ওভারের ক্রিকেটে এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। ভারত–ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড–শ্রীলঙ্কার ম্যাচ মিলিয়ে ২৭ সেপ্টেম্বর তাই জায়গা করে নিয়েছে ওয়ানডে ক্রিকেটের রেকর্ডবুকে।

বিজ্ঞাপন

পুরুষদের ওয়ানডেতে এক দিনে সর্বোচ্চ সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছে দিনটি। তিন ম্যাচের দুটিতে দুইজন করে ব্যাটার শতকের দেখা পেয়েছেন। আর ভারত–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে এসেছে তিনটি সেঞ্চুরি।

তিরুবনন্তপুরামে রেকর্ডের শুরুটা করেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। ভারতের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। জবাবে ভারতের শুবমান গিল ও বিরাট কোহলির ব্যাটে জমে ওঠে রান তাড়া। গিল করেন ১১০ রান, আর কোহলি ১৩৯ রানে অপরাজিত থাকেন।

এই সেঞ্চুরির মাধ্যমে আরও দুটি মাইলফলক স্পর্শ করেন কোহলি। ওয়ানডেতে এটি তার ৫৫তম শতক। একই সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন ভারতের এই অভিজ্ঞ ব্যাটার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচেও ছিল ব্যাটারদের দাপট। স্বাগতিক দলের হয়ে শতক তুলে নেন অধিনায়ক টেম্বা বাভুমা ও ডেভিড মিলার। বাভুমার ব্যাট থেকে আসে ১০৩ রান। মিলার আরও বিধ্বংসী ব্যাটিং করে করেন ১৪২ রান।

দিনের ষষ্ঠ ও শেষ সেঞ্চুরিটি আসে লন্ডনের ওভালে। শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টম ব্যান্টন তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক। ১০৫ বলে ১২৬ রানের ঝোড়ো ইনিংসে ১৬টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি।

টি-টোয়েন্টির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও ২৭ সেপ্টেম্বরের এই ব্যাটিং-উৎসব ৫০ ওভারের ক্রিকেটের আলাদা আকর্ষণকে নতুন করে সামনে এনেছে। একই দিনে ছয় সেঞ্চুরির এই নজির তাই ওয়ানডে ইতিহাসে হয়ে থাকল বিশেষ এক অধ্যায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD