Logo

অসুস্থ শান্ত, এশিয়ান গেমসে ম্যাচ না খেলেই ফিরছেন দেশে

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩২
অসুস্থ শান্ত, এশিয়ান গেমসে ম্যাচ না খেলেই ফিরছেন দেশে
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের হয়ে আর মাঠে নামা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। অসুস্থতার কারণে জাপান থেকে দেশে ফেরার সিদ্ধান্ত হয়েছে এই টপ অর্ডার ব্যাটারের।

বিজ্ঞাপন

এশিয়ান গেমসের জন্য শক্তিশালী দল নিয়ে জাপানে গেছে বাংলাদেশ। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শান্ত। তবে অসুস্থ হয়ে পড়ায় টুর্নামেন্টে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে তাকে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও এশিয়ান গেমসে বাংলাদেশের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ (অব.) জানান, শান্তর অনেক জ্বর। তাকে নাগোয়ার একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম প্রয়োজন হওয়ায় তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, 'শান্তর অনেক জ্বর। তাকে নাগোয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। তার বিশ্রাম প্রয়োজন এবং খেলার মতো অবস্থায় নেই। তাই তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

বিজ্ঞাপন

হাসপাতাল থেকে ইতোমধ্যে টিম হোটেলে ফিরেছেন শান্ত। তবে তার শারীরিক অবস্থা এখনো ভালো নয়। অসুস্থতার মধ্যে কয়েকবার বমিও করেছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অসুস্থ অবস্থায় একা দেশে ফেরার বিষয়টি নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, শান্তর অবস্থা এতটা গুরুতর নয় যে একা ভ্রমণ করতে পারবেন না।

নাফিস বলেন, 'এত গুরুতর অসুস্থ নয় যে একা যেতে পারবে না। তার পরিবর্তে অন্য খেলোয়াড় স্কোয়াডে আসবে কি না সেই সিদ্ধান্ত এখনো হয়নি।'

বিজ্ঞাপন

এশিয়ান গেমসে শান্তর পরিবর্তে নতুন কোনো ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে মেজর ইমরোজ আহমেদ বলেন, 'দীর্ঘ তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে থেকে চাইলে ক্রিকেট বোর্ড খেলোয়াড় আনতে পারে।'

এদিকে আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের সূচি অনুযায়ী ১ অক্টোবর সেমিফাইনাল এবং ৩ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD