Logo

৭৫৫ দিনের অপেক্ষা শেষে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ নভেম্বর, ২০২৬, ১৩:৫২
৭৫৫ দিনের অপেক্ষা শেষে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান
ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর টেস্ট সিরিজ জয়ের আনন্দে ফিরল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। এর মধ্য দিয়ে ৭৫৫ দিন পর লাল বলের ক্রিকেটে সিরিজ জিতল পাকিস্তান।

বিজ্ঞাপন

এর আগে ২০২৪ সালের ২৬ অক্টোবর একই মাঠে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ নিশ্চিত করেছিল পাকিস্তান। এরপর ছয়টি সিরিজ খেললেও কোনো শিরোপা জিততে পারেনি দলটি। এর মধ্যে তিনটি সিরিজ ড্র এবং তিনটিতে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তাদের।

বিশেষ করে সর্বশেষ ইংল্যান্ড সফর পাকিস্তানের জন্য ছিল হতাশার। ইংলিশদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল দলটি। সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে স্বস্তি ফিরেছে পাকিস্তান শিবিরে।

দুই দলের প্রথম টেস্টটি রানবন্যার পর ড্র হয়েছিল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার প্রথম ইনিংস মাত্র ৯৮ রানে গুটিয়ে যাওয়ায় জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় পাকিস্তান। জবাবে স্বাগতিকরা প্রথম ইনিংসে তোলে ৩২৫ রান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রথম ইনিংসের বড় ঘাটতি পুষিয়ে নিতে পারেনি শ্রীলঙ্কা। চতুর্থ দিন ৯ উইকেটে ৩০৯ রান নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। দিনের শুরুতে মাত্র দুই ওভারেই বাকি উইকেট তুলে নেয় পাকিস্তান। মোহাম্মদ আব্বাসের বলে শেষ ব্যাটার হিসেবে বিদায় নেন আসিথা ফার্নান্ডো। ২ রান করেন তিনি। অন্যদিকে ৬৬ রানে অপরাজিত থাকেন মিলান রত্নায়েকে। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস থামে ৩১৬ রানে।

জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯০ রান। সহজ সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ রানের ব্যবধানে দুই ওপেনার তৈয়ব আরিফ (১৩) ও মোহাম্মদ তাহা (৪) ফিরে যান। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি আজান আওয়াইজ ও আমির জামাল। তৃতীয় উইকেটে তাদের ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

আজান ৩২ এবং আমির জামাল ৩৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দুই ইনিংস মিলিয়ে তিনটি করে উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মোহাম্মদ আব্বাস। দুই টেস্টে মোট ৮ উইকেট শিকার করে সিরিজসেরাও হয়েছেন পাকিস্তানের এই পেসার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD