জয়ের দেখা পেল না বাংলাদেশ, ফিফা আসিয়ান কাপে টানা দ্বিতীয় হার

ফিফা আসিয়ান কাপে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর সোমবার দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে লাল-সবুজের দল। ফলে দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য বাংলাদেশ এখন গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায়।
বিজ্ঞাপন
জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল আশাব্যঞ্জক। প্রথম ১৫ মিনিটে রাকিব হোসেন ও সুকি ইতুফুসা সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরি করেন। ১৫ মিনিটে বক্সে ঢুকে রাকিব সতীর্থকে বল বাড়ানোর চেষ্টা করলেও সেখানে বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না।
৬ মিনিটে জুলকিফলিকে টেনে ধরায় বাংলাদেশের শামিত সোমকে হলুদ কার্ড দেখান রেফারি। এরপর ১৬ মিনিটে দ্রুত দুটি কর্নার আদায় করে সিঙ্গাপুর। দ্বিতীয় কর্নার থেকে ইলহান ফান্দির নেওয়া প্রচেষ্টা সামলে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
৩৩ মিনিটে আবারও বাংলাদেশকে বিপদমুক্ত করেন শ্রাবণ। বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া সিঙ্গাপুরের ফ্রি-কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি। পরে তারিক কাজী বলটি নিরাপদ দূরত্বে সরিয়ে দেন।
বিজ্ঞাপন
তবে দুই মিনিট পরই এগিয়ে যায় সিঙ্গাপুর। ৩৫ মিনিটে বাম দিক থেকে আবদুল্লাহ নূরের বাড়ানো ক্রসে হেড করেন হারহিস স্টুয়ার্ট। তার হেডে পরাস্ত হন শ্রাবণ। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সিঙ্গাপুর।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল স্বাগতিকরা। ৩৭ মিনিটে ডান দিক থেকে নেওয়া একটি শট বাংলাদেশের ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধে বাংলাদেশের বল দখল তুলনামূলক বেশি থাকলেও লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি তারা। বিপরীতে সিঙ্গাপুর পাঁচটি শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে।
দ্বিতীয়ার্ধে গোল শোধের লক্ষ্যে আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। একের পর এক আক্রমণ সাজালেও সিঙ্গাপুরের রক্ষণ ভেদ করে কাঙ্ক্ষিত গোলটি আদায় করতে পারেনি জামাল ভূঁইয়ার দল।
বিজ্ঞাপন
শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধেও কোনো দল গোল করতে না পারায় ১-০ ব্যবধানেই ম্যাচ শেষ হয়। এতে দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট রয়ে গেছে শূন্য। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ০-৩ ব্যবধানে হেরেছিল তারা।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। টুর্নামেন্টের এই ম্যাচে পয়েন্ট পাওয়ার জন্য মাঠে নামবে থমাস ডুলির দল।








