নিজেকে সর্বকালের সেরা মনে করেন না বিরাট কোহলি

ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার হলেও নিজেকে সর্বকালের সেরা মনে করেন না বিরাট কোহলি। তার মতে, ক্রিকেটের বিভিন্ন সময়ে অসংখ্য খেলোয়াড় নিজেদের অসাধারণ পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন। তাই শুধু পরিসংখ্যান দিয়ে কাউকে সর্বকালের সেরা হিসেবে নির্ধারণ করা কঠিন।
বিজ্ঞাপন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্রিকেটীয় অবস্থান নিয়ে কথা বলেন কোহলি। সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে নিজেকে বিবেচনা করেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নিজেকে সর্বকালের সেরা মনে করি না।’
কোহলির ব্যাখ্যা, ভিন্ন যুগের ক্রিকেটারদের অর্জনও বিবেচনায় নেওয়া প্রয়োজন। কারও পরিসংখ্যান হয়তো তার মতো নয়, আবার কেউ তার চেয়েও ভালো পরিসংখ্যান গড়েছেন। তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জন্য একজন ক্রিকেটারের প্রভাব।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রায় ১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের দিকে ফিরে কোহলি বলেন, এত দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলার সুযোগ পাওয়া তার জন্য সৌভাগ্যের। ভালো করার তাড়না, অভিজ্ঞতা, ফিটনেস, ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষমতা ও অনুপ্রেরণার সমন্বয় তাকে এতদিন এগিয়ে যেতে সহায়তা করেছে।
বিজ্ঞাপন
দলের সাফল্যে অবদান রাখাকেই নিজের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন ভারতীয় এই ব্যাটার। দেশের হয়ে খেলার আগ্রহও এখনো আগের মতোই রয়েছে বলে জানান তিনি। যতদিন দলের জন্য অবদান রাখার সক্ষমতা ও অনুপ্রেরণা থাকবে, ততদিন দেশের হয়ে খেলতে পারাকে বড় সম্মানের বিষয় হিসেবে দেখেন কোহলি।
ওয়ানডেতে ৩১৪ ম্যাচে ৫৮.৫৯ গড়ে কোহলির সংগ্রহ ১৪ হাজার ৯৪১ রান। এ সংস্করণে তার সেঞ্চুরি ৫৪টি। ১৫ হাজার ওয়ানডে রানের মাইলফলক থেকে তিনি এখন ৫৯ রান দূরে। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা ৮৫।








