Logo

শিরোপার লড়াইয়ে বেঙ্গালুরু-গুজরাট, শেষ হাসি হাসবে কে?

profile picture
ক্রীড়া ডেস্ক
৩১ মে, ২০২৬, ১৯:৩৫
শিরোপার লড়াইয়ে বেঙ্গালুরু-গুজরাট, শেষ হাসি হাসবে কে?
ছবি: সংগৃহীত

দেখতে দেখতে শেষ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে নামছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল টুর্নামেন্টের পর্দা। এবারের ফাইনালে পরস্পরের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স।

বিজ্ঞাপন

আইপিএলের মেগা ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

এবারের আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্ম দেখিয়েছে বেঙ্গালুরু। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল তারা। অন্যদিকে দুই নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। দুদলের পয়েন্ট ছিল সমান ১৮, তবে নেট রানরেটের কারণে শীর্ষে অবস্থান করেছিল বিরাট কোহলির দল।

বিজ্ঞাপন

দুদলই টেবিলের শীর্ষে থাকায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামে তারা। সেই ম্যাচে বেঙ্গালুরুর সঙ্গে পেরে উঠেনি টাইটানিয়ানরা। দলনেতা রজত পাতিধরের ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৪ করে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় গুজরাটের ইনিংস।

পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করায় দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পায় গুজরাট টাইটান্স। সেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পায় রাজস্থান রয়্যালসকে। সেই ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২১৪ রান করে রাজস্থান। জবাবে দলনেতা শুভমান গিলের সেঞ্চুরিতে ৮ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে গুজরাট।

বিজ্ঞাপন

আইপিএলের ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চারবার ফাইনালে উঠেছে। প্রথম তিনবার ফাইনালে জিততে পারেনি তারা, তবে গত আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। অন্যদিকে গুজরাট টাইটান্স আগে দুইবার ফাইনালে উঠেছে এবং একবার শিরোপা জিতেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD