Logo

৪ জুন শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩০ মে, ২০২৬, ১৩:৩৯
৪ জুন শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
ছবি: সংগৃহীত

দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের খেলা আগামী ৪ জুন শুরু হচ্ছে। রাজধানীর মিরপুর-২ এলাকায় অবস্থিত ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলসহ মোট ১৬টি দল জাতীয় পর্যায়ের এ আয়োজনে অংশ নেবে।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ওই আদেশে জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তুতি ও নির্দেশনার বিষয়ও উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশে খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা, আবাসন, আপ্যায়ন, চিকিৎসা সহায়তা, অনুশীলন সমন্বয়, খেলার দিন মাঠে আনা-নেওয়া এবং প্রতিটি দলের সার্বিক তত্ত্বাবধানের জন্য বিভিন্ন কর্মকর্তাকে লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা আবাসন উপ-কমিটি ও ক্রীড়া পরিচালনা উপ-কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

বালিকা বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলো এসেছে- সিলেট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগ থেকে। একইভাবে বালক বিভাগের চ্যাম্পিয়ন দলগুলোও দেশের আট বিভাগ থেকে জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে।

আদেশে আরও বলা হয়েছে, জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD