সূর্যবংশী কি জাতীয় দলে ডাক পাবেন, যা বললেন সাঙ্গাকারা

আইপিএলে দারুণ পারফরম্যান্সের পর রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশীকে নিয়ে শুরু হয়েছে জাতীয় দলে ডাক পাওয়ার আলোচনা। পুরো আসরজুড়ে তার বিস্ফোরক ব্যাটিং ক্রিকেটবিশ্বের নজর কেড়েছে।
বিজ্ঞাপন
চলতি আইপিএলে ১৬ ইনিংসে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছেন সূর্যবংশী। এর মধ্যে ৬৮৪ রান এসেছে বাউন্ডারি থেকে। তিনি ৬৩টি চার ও রেকর্ড ৭২টি ছক্কা হাঁকিয়েছেন। একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে।
গত কয়েক ইনিংসে ধারাবাহিকভাবে বড় রান করলেও তিন অঙ্কে পৌঁছাতে পারেননি এই ওপেনার। এলিমিনেটরে ২৯ বলে ৯৭ রানের ইনিংস খেলার পর পরবর্তী ম্যাচে ৪৭ বলে ৯৬ রান করেন তিনি। তবে ম্যাচের শেষ দিকে ক্যাচ আউট হয়ে আবারও সেঞ্চুরি মিস করেন।
বিজ্ঞাপন
তার ব্যাটিং ঝলক থাকলেও দলীয়ভাবে সফল হতে পারেনি রাজস্থান রয়্যালস। শুভমান গিল ও সাই সুদর্শনের দুর্দান্ত ব্যাটিংয়ে জিতে ফাইনালে পৌঁছে যায় গুজরাট টাইটান্স, আর সেখানেই শেষ হয় রাজস্থানের শিরোপা স্বপ্ন।
তবে দলের কোচ ও কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা সূর্যবংশীকে নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে সে যেভাবে খেলেছে, তাতে বোঝা যায় যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য সে প্রস্তুত। আমি নিশ্চিত সে খুব দ্রুতই জাতীয় দলে সুযোগ পাবে।
বিজ্ঞাপন
সাঙ্গাকারা আরও জানান, তরুণ এই ব্যাটারকে অতিরিক্ত চাপ না দিয়ে স্বাধীনভাবে খেলতে দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা তাকে নিয়ে আলাদা কোনো চাপ তৈরি করতে চাই না। সে খুব ভালোভাবে পরিকল্পনা করে, বোলারদের বিশ্লেষণ করে এবং প্রস্তুতি নেয়। তাই আমরা চাই সে খেলে যাক মুক্তভাবে ও ভয়ডরহীনভাবে।
আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পর সূর্যবংশীর ভবিষ্যৎ এখন অনেকটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর জাতীয় দলের দরজায় তার কড়া নাড়ার সম্ভাবনাও জোরালো হচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।








