‘সমালোচনার চাপেই টি-টোয়েন্টিতে বদলেছেন কোহলি’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো দাপট ধরে রেখেছেন বিরাট কোহলি। তবে একসময় টি-টোয়েন্টি ক্রিকেটে তার ধীরগতির ব্যাটিং ও স্ট্রাইকরেট নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।
বিজ্ঞাপন
সেই সমালোচনার চাপই তাকে আগের চেয়ে আরও আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাধ্য করেছে বলে মনে করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।
মাঞ্জরেকার বলেন, সমালোচনার মুখে কোহলি এখন দ্রুত রান তোলার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই পরিবর্তন তার ব্যাটিংয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তার মতে, কোহলির খেলার ধরনে মৌলিক পরিবর্তন না এলেও মানসিক দিক থেকে তিনি এখন আরও দ্রুত রান করার দিকে মনোযোগী হয়েছেন।
বিজ্ঞাপন
চলতি আসরে কোহলি এখন পর্যন্ত ৫৮-এর বেশি গড়ে এবং প্রায় ১৬০-এর ওপরে স্ট্রাইকরেটে রান করছেন, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের গড় স্ট্রাইকরেটের চেয়ে অনেক বেশি। মাঞ্জরেকারের মতে, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন স্ট্রাইকরেটই বড় পার্থক্য তৈরি করছে।
তিনি আরও বলেন, আগের তুলনায় এখন ব্যাটাররা দ্রুত রান তোলার পাশাপাশি ইনিংসের শুরু থেকেই বড় শট খেলতে চেষ্টা করছে। আগে যে স্ট্রাইকরেট ১৩০-এর আশেপাশে ছিল, সেটাই এখন ১৫০-এর বেশি হয়ে গেছে। কোহলির বাউন্ডারি খেলার দক্ষতা এবং দ্রুত এক-দুই রান নেওয়ার ক্ষমতাই তাকে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছে।
বিজ্ঞাপন
মাঞ্জরেকারের মতে, আগে কোহলি অনেক সময় ইনিংসের বড় অংশ নিজেই ধরে রাখতেন এবং পরের ব্যাটারদের ওপর পুরোপুরি আস্থা রাখতেন না। তবে এখন পরিস্থিতি বদলেছে, দলীয় কৌশলের অংশ হিসেবেই দ্রুত রান তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
এদিকে চলমান আসরে দারুণ ফর্মে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আট ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পাওয়া দলটি এখন পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। কোহলির নেতৃত্বে নয়, তবে তার পারফরম্যান্সে দলটি শক্ত অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত দলটি মাত্র দুই ম্যাচে হেরেছে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
সব মিলিয়ে, সমালোচনার চাপ থেকেই কোহলির ব্যাটিংয়ে এসেছে নতুন গতি— এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।








