আইপিএলে দায়িত্ব কেড়ে নেওয়া হতে পারে চার অধিনায়কের

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথে এসে কয়েকটি দলের অধিনায়কত্ব পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশা, দলের ধারাবাহিক ব্যর্থতা এবং সিদ্ধান্ত গ্রহণ নিয়ে অসন্তোষের কারণে অন্তত চারটি ফ্র্যাঞ্চাইজি নেতৃত্ব বদলের চিন্তাভাবনা করছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলগুলো প্লে-অফের পথে এগিয়ে থাকলেও বাকি দলগুলোর অবস্থান এখনো অনিশ্চিত। সামান্য কিছু জয়ে যেমন ভাগ্য বদলাতে পারে, তেমনি কয়েকটি হারেই বাদ পড়ার ঝুঁকিতে রয়েছে একাধিক দল। এই পরিস্থিতিতেই নেতৃত্ব নিয়ে নতুন সিদ্ধান্তের আলোচনা শুরু হয়েছে।
দিল্লি ক্যাপিটালস দলে অধিনায়ক অক্ষর প্যাটেলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। ব্যাটিং ও বোলিং— দুই দিকেই প্রত্যাশা পূরণ করতে না পারায় এবং দল পরিচালনায় কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠায় তার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রয়োজনীয় উন্নতি না হলে তার জায়গায় লোকেশ রাহুলকে দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে।
বিজ্ঞাপন
রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। ধারাবাহিকতা বজায় রাখতে না পারা এবং নেতৃত্বের দুর্বলতার কারণে দলে তার অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। প্রথম একাদশে জায়গা পাওয়ার কারণে দল নির্বাচন নিয়েও সমালোচনা হচ্ছে। ফলে বিকল্প নেতৃত্ব নিয়ে ভাবছে দলটির কর্তৃপক্ষ।
চেন্নাই সুপার কিংসেও নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে ধারাবাহিক রান না থাকা এবং ম্যাচ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারার বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে দলে থাকা অভিজ্ঞ সঞ্জু স্যামসন ভালো ফর্মে থাকায় নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: পিএসজির বিপক্ষে বিব্রতকর রেকর্ড নয়্যারের
বিজ্ঞাপন
সবচেয়ে বেশি চাপে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব। শেষ কয়েকটি ম্যাচে কিছুটা উন্নতি হলেও অধিনায়ক অজিঙ্কা রাহানের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে বারবার। বোলারদের ব্যবহার, ফিল্ডিং সাজানো এবং দল নির্বাচন— সব ক্ষেত্রেই সমালোচনার মুখে তিনি। নিজের ব্যাটিং ফর্মও ভালো নয়। এই পরিস্থিতিতে সহ-অধিনায়ক রিঙ্কু সিংয়ের হাতে দায়িত্ব তুলে দেওয়ার চিন্তাভাবনাও করছে দল।
সব মিলিয়ে প্রতিযোগিতার এই গুরুত্বপূর্ণ সময়ে একাধিক দলে নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, যা আসন্ন ম্যাচগুলোতে বড় প্রভাব ফেলতে পারে।








