বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিকেল ৪টা ১৮ মিনিটে মাঠে খেলা শুরু করা সম্ভব না হওয়ায় আম্পায়াররা ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন।
বিজ্ঞাপন
সকাল ১১টার দিকে শুরু হওয়া বৃষ্টি ধীরে ধীরে কমা–বাড়ার মধ্যে থাকলেও পুরো সময়জুড়ে থামেনি। ফলে নির্ধারিত সময়ের আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা।
টি-টোয়েন্টি নিয়ম অনুযায়ী অন্তত ৫ ওভারের খেলা সম্পন্ন করতে হলে নির্ধারিত কাট-অফ টাইম ছিল বিকেল ৫টা ১৬ মিনিট পর্যন্ত। তবে ৩টা ১০ মিনিটের মধ্যে খেলা শুরু করা গেলে পুরো ম্যাচ আয়োজনের সুযোগ ছিল। শেষ পর্যন্ত মাঠে বল গড়ানোর কোনো সম্ভাবনাই তৈরি হয়নি।
বিজ্ঞাপন
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা তুলনামূলকভাবে আধুনিক হওয়ায় বৃষ্টি থামলেই দ্রুত মাঠ খেলার উপযোগী করার সক্ষমতা রয়েছে। মাঠের কিউরেটর জাহিদ রেজা বাবু আগেই জানিয়েছিলেন, বৃষ্টি থামলে ৪০ মিনিটের মধ্যেই মাঠ প্রস্তুত করা সম্ভব। তবে পুরো সময়জুড়ে বৃষ্টি অব্যাহত থাকায় সেই সুযোগও তৈরি হয়নি।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ এখন ১-০ ব্যবধানে বাংলাদেশে অনুকূলে থাকল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শিরোপা নির্ধারণ হবে।
বিজ্ঞাপন
আগামী ২ মে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।








