Logo

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, মিলল ফিফার অনুমোদন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ১৯:১৯
আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, মিলল ফিফার অনুমোদন
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ফিফার তত্ত্বাবধানে আয়োজিত হতে যাচ্ছে আসিয়ান কাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণও নিশ্চিত হয়েছে। ফিফা ও আয়োজকদের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার বিষয়টি বাফুফের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

আসিয়ান কাপে শুরুতে ভারতের অংশ নেওয়ার কথা ছিল। তবে সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থাকায় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে ভারত। এরপর বাংলাদেশের সামনে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়।

ফিফার পক্ষ থেকে বাংলাদেশকে টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার বাফুফের জাতীয় দল কমিটি জরুরি বৈঠক করে অংশগ্রহণের বিষয়ে সম্মতি দেয়। এরপর অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের। শেষ পর্যন্ত সেই অনুমোদনও পাওয়া গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত কয়েক দিন ধরে আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল। কোচ থমাস ডুলি হোম টুর্নামেন্টে খেলার আগ্রহ দেখালেও আসিয়ান কাপে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছিলেন। টুর্নামেন্টে অংশ নিতে বাফুফের কোনো খরচ হবে না। ফলে ফিফার অনুমোদনের অপেক্ষায় ছিল বাংলাদেশ।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। ভারত 'এ' গ্রুপে ছিল। তাদের জায়গায় বাংলাদেশ অংশ নেওয়ায় একই গ্রুপে থাকার সম্ভাবনাই রয়েছে।

'এ' গ্রুপে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল বাংলাদেশি মুদ্রায় কয়েক কোটি টাকা পুরস্কার পাবে। এছাড়া সেমিফাইনালে ওঠা এবং ম্যাচ জয়ের জন্যও রয়েছে অতিরিক্ত অর্থ পুরস্কারের ব্যবস্থা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD