অনিশ্চিত ঘরোয়া ফুটবল, ক্লাবগুলোকে ডাকলেন বাফুফে সভাপতি

২১ আগস্ট থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ২০২৬-২৭ মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও এখনো তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। দেশের দুই শীর্ষ ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে। অন্যদিকে ফর্টিজ ও পুলিশ ছাড়া বেশিরভাগ ক্লাব এখনো অনুশীলন ক্যাম্প শুরু করেনি।
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ফুটবল লিগের ক্লাবগুলোর সঙ্গে সোমবার (১৭ আগস্ট) বিকেলে আলোচনায় বসছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
ঘরোয়া ফুটবল পরিচালনার দায়িত্ব বাফুফের লিগ কমিটির। কমিটির চেয়ারম্যান ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। তিনি একই সঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতি। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ফুটবলের চলমান সংকট নিয়ে লিগ কমিটির কোনো সভা অনুষ্ঠিত হয়নি।
এ ছাড়া বাফুফের সাম্প্রতিক কয়েকটি সভাতেও সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান উপস্থিত ছিলেন না। ফলে ক্লাবগুলোর সঙ্গে সরাসরি আলোচনায় বসতে হচ্ছে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ক্লাবগুলোর কাছে পাঠানো সভার আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। চিঠিতে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানকে প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি দেওয়া হয়েছে।
দেশের ঘরোয়া ফুটবলে ক্লাবগুলোর সঙ্গে ফেডারেশনের এমন বৈঠকে সাধারণত দলবদলের সময় বাড়ানো কিংবা ম্যাচের সূচি পেছানোর মতো সিদ্ধান্ত হয়ে থাকে। এবারও তেমন সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সূচি অনুযায়ী, ২৫ আগস্ট ফেডারেশন কাপ এবং ২৮ আগস্ট লিগ শুরু হওয়ার কথা। কিন্তু বেশ কয়েকটি ক্লাব এখনো কোচ চূড়ান্ত করতে পারেনি। অনেক দল অনুশীলন শুরু তো দূরের কথা, এখনো ক্যাম্পই চালু করেনি। ফলে নির্ধারিত সময়ে প্রতিযোগিতা শুরু করা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে আন্তর্জাতিক ফুটবলের ফিফা উইন্ডো রয়েছে। ওই সময়ে বাংলাদেশ যদি আসিয়ান কাপের মতো গুরুত্বপূর্ণ কোনো টুর্নামেন্টে অংশ নেয়, তাহলে জাতীয় দলের জন্য অন্তত দুই থেকে তিন সপ্তাহের প্রস্তুতির প্রয়োজন হবে।
এ অবস্থায় মাত্র দুই-একটি ম্যাচ খেলে ক্লাব ফুটবল বন্ধ থাকলে ক্লাবগুলোর অতিরিক্ত ব্যয় বাড়বে। তাই বেশ কয়েকটি ক্লাব অক্টোবর থেকে ঘরোয়া ফুটবল মৌসুম শুরু করার পক্ষে মত দিতে পারে বলে জানা গেছে।








