Logo

ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬, ২০:৩০
ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া
ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকের আর্জেন্টাইন ফুটবল তারকা ক্লদিও ক্যানেজিয়া আগামী সোমবার (১৭ আগস্ট) ঢাকায় আসছেন। ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা আর্জেন্টিনার সাবেক এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টটির শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা। ফাইনালের মধ্য দিয়েই শেষ হবে এবারের আসর।

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবেন ক্লদিও ক্যানেজিয়া। দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ হিসেবে আর্জেন্টিনার ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ক্যানেজিয়া এবার বাংলাদেশে আসছেন তরুণ ফুটবলারদের উৎসাহিত করতে।

১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন ক্যানেজিয়া। ওই বিশ্বকাপের ফাইনালেও খেলেছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ক্যারিয়ারে ৫০টির বেশি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া এই কিংবদন্তির উপস্থিতি স্কুল পর্যায়ের ফুটবলারদের জন্য অনুপ্রেরণার উৎস হবে বলে মনে করছেন আয়োজকেরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশ সফরের সময় ক্যানেজিয়া ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখবেন। একই সঙ্গে দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। তৃণমূল পর্যায়ে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও আলোচনায় আসতে পারে।

ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টা থেকে শুরু হবে ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের সমাপনী আয়োজন। বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বিআইটি ও নৌবাহিনী কলেজ, ঢাকা।

বিজ্ঞাপন

ফাইনাল শেষে বিকেল ৪টায় ট্রফি বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। এরপর বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও বিশেষ অতিথি ক্লদিও ক্যানেজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবলের প্রসার, তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরির সুযোগ বৃদ্ধি এবং তরুণদের বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ আয়োজন করা হয়েছে। ৩৬টি স্কুলের অংশগ্রহণে এবারের আসরের সমাপনীতে ক্যানেজিয়ার উপস্থিতি পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD