Logo

ইনফান্তিনোর বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রকাশ্যে বিদ্রোহ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ আগস্ট, ২০২৬, ১৩:৫৭
ইনফান্তিনোর বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রকাশ্যে বিদ্রোহ
ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে বড় ধাক্কা দিয়ে এবার প্রকাশ্যেই তার বিরোধিতা শুরু করেছে নিউজিল্যান্ড। বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত একটি পরিকল্পনা নিয়ে তৈরি হওয়া সমালোচনার পর শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল হলেও ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে দেশটি। এর মাধ্যমে নিজেদের মহাদেশীয় ফুটবল সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের অবস্থানকে উপেক্ষা করে নজিরবিহীন এক পদক্ষেপ নিয়েছে নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মেগা বিশ্বকাপে ওশেনিয়া অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে জায়গা করে নেওয়া নিউজিল্যান্ডের এমন অনাস্থার কারণে ইনফান্তিনোর ওপর চাপ আরও বেড়েছে। এরই মধ্যে ইনফান্তিনোর নেতৃত্ব পর্যালোচনা এবং মেগা টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার প্রক্রিয়া নিয়ে ইউরোপের উয়েফা, এশিয়ার এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ সরাসরি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগামী বছরের মার্চে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনফান্তিনো। ফিফার মোট ২১১টি সদস্য দেশের মধ্যে এই তিন বিদ্রোহী কনফেডারেশনের অধীনেই রয়েছে ১৩৬টি ভোট।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড ফুটবলের (এনজেডএফ) প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, ফিফা নেতৃত্বের ওপর আস্থা চরমভাবে হ্রাস পাওয়ায় তারা ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছেন। প্র্যাগনেল ফিফার নিজস্ব তড়িঘড়ি কোনো তদন্তের পরিবর্তে একটি সুনির্দিষ্ট নিরপেক্ষ ও স্বাধীন পর্যালোচনার দাবি জানিয়েছেন, যাতে করে সিদ্ধান্ত গ্রহণের গোপন প্রক্রিয়া উন্মোচিত হয়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত প্রতিষ্ঠান 'থ্রাইভ ক্যাপিটাল' কীভাবে এই বাণিজ্যিক চুক্তিতে মূল ভূমিকা পালন করতে যাচ্ছিল এবং কার কার সম্পৃক্ততা ছিল, তা স্বচ্ছতার সাথে জনসম্মুখে আনার জোর দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের কঠোর অবস্থানের বিপরীতে তাদের নিজস্ব মহাদেশীয় সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশন এখনো ইনফান্তিনোর প্রতি সতর্কতামিশ্রিত সমর্থন ধরে রেখেছে। এক বিবৃতিতে ওএফসি বিতর্কিত প্রস্তাবটি প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে সংস্থাটি বলেছে, গত এক দশকে ইনফান্তিনোর নেতৃত্বে ওশেনিয়া অঞ্চলের ফুটবলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাই প্রয়োজনীয় পরিবর্তন আনার ক্ষেত্রে চলমান পর্যালোচনাকে একটি সুযোগ হিসেবে কাজে লাগানো উচিত।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD