হালান্ডের ছবি থাকা প্যাকেটে মিলল ৪৬৯ কেজি কোকেইন

নরওয়ের তারকা ফুটবলার আরলিং হালান্ডের জনপ্রিয়তার ব্যবহার দেখা গেল মাদক পাচারের ঘটনায়। কলম্বিয়া সীমান্তসংলগ্ন এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪৬৯ কেজি কোকেইন জব্দ করেছে ইকুয়েডরের পুলিশ। মাদক বহনের প্যাকেটগুলোতে ছিল ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের ছবি।
বিজ্ঞাপন
পুলিশের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ট্রাকটির গোপন তলায় লুকিয়ে রাখা ৩৭০টি প্যাকেট উদ্ধার করা হচ্ছে। সবুজ রঙের এসব প্যাকেটের গায়ে হালান্ডের ছবি স্পষ্টভাবে দেখা যায়। অভিযানের সময় ট্রাকটির চালককে আটক করা হয়েছে।
তবে হালান্ডের ছবি ব্যবহারের সঙ্গে মাদক পাচারের সরাসরি কোনো যোগসূত্রের কথা জানায়নি পুলিশ। মাদক পাচারকারীদের কাছে পরিচিত খেলোয়াড়, তারকা ও বিভিন্ন সেলিব্রিটির ছবি ব্যবহার নতুন কোনো ঘটনা নয়। অনেক ক্ষেত্রে এসব ছবি বা নামের মাধ্যমে চালান কোন অপরাধী চক্রের এবং কোন ক্রেতার জন্য পাঠানো হচ্ছে, সে বিষয়ে সংকেত দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হালান্ড অবশ্য প্রথম ফুটবলার নন, যার ছবি মাদক পাচারের প্যাকেটে পাওয়া গেল। এর আগে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ছবিও জব্দ করা মাদকের প্যাকেটে দেখা গেছে।
দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকা ও ইউরোপে মাদক পাচারের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে ইকুয়েডর পরিচিত। পুলিশ জানিয়েছে, এবারের জব্দ করা কোকেইনের স্থানীয় বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪২ হাজার মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে এর মূল্য ১ কোটি ১০ লাখ ডলারের বেশি এবং ইউরোপে প্রায় ১ কোটি ৯৬ লাখ ডলার হতে পারে।
চলতি বছরের প্রথম ছয় মাসে ইকুয়েডরের আইনশৃঙ্খলা বাহিনী প্রায় ৮০ টন মাদক জব্দ করেছে। ২০২৫ সালে জব্দ করা মাদকের পরিমাণ ছিল প্রায় ২১৫ টন। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে প্রায় ২৯৫ টন মাদক জব্দ করা হয়েছিল। এসব চালানের বড় অংশই ছিল কোকেইন।








