রদ্রির জন্য বার্সার ৫৬ মিলিয়নের প্রস্তাবও ফিরিয়ে দিল সিটি

রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনার দ্বিতীয় প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ এই মিডফিল্ডারের জন্য ৫১ দশমিক ৩ মিলিয়ন পাউন্ডের সঙ্গে আরও ৫ মিলিয়ন পাউন্ড অ্যাড-অন মিলিয়ে মোট ৫৬ দশমিক ৩ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল বার্সা। তবে সেটিকে অগ্রহণযোগ্য বলে ফিরিয়ে দিয়েছে ইংলিশ ক্লাবটি।
বিজ্ঞাপন
বার্সেলোনার দ্বিতীয় প্রস্তাবেই রদ্রির দলবদল সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু সিটি নিজেদের অবস্থানে অনড় রয়েছে। ক্লাবটি জানিয়েছে, রদ্রিকে পেতে হলে বার্সেলোনাকে ৭০ মিলিয়ন পাউন্ড দিতে হবে।
এখন দেখার বিষয়, কাতালান ক্লাবটি নতুন করে আরও বড় অঙ্কের প্রস্তাব দেয় কি না। নাকি রদ্রির ভবিষ্যৎ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে অপেক্ষা করবে তারা।
দীর্ঘদিন ধরে ম্যানচেস্টার সিটির মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রদ্রি। তার সময়ে ক্লাবটি চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পেছনেও গুরুত্বপূর্ণ অবদান ছিল এই স্প্যানিশ মিডফিল্ডারের।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে আগামী বছরের জুনে সিটির সঙ্গে রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন চুক্তিতে তিনি আগ্রহী নন বলেও জানা গেছে।
রদ্রি সিটি ছাড়লে তার জায়গা পূরণ করতে চেলসির এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার পরিকল্পনা করছে ম্যানচেস্টারের ক্লাবটি। তবে আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন পাউন্ড মূল্য নির্ধারণ করেছে চেলসি। শুক্রবার বিকেল ৫টার মধ্যে এই অর্থ পরিশোধ করা হলে তবেই ফার্নান্দেজকে ছাড়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে সিটিকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে চলতি গ্রীষ্মের দলবদলে ইতোমধ্যে ক্লাব রেকর্ড ১১৬ মিলিয়ন পাউন্ড খরচ করে এলিয়ট অ্যান্ডারসনকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে ফার্নান্দেজের জন্য চেলসির চাওয়া ১২০ মিলিয়ন পাউন্ড পুরোপুরি পরিশোধ করা সিটির জন্য কঠিন হতে পারে। সে ক্ষেত্রে কম অর্থে চুক্তি সম্পন্ন করার বিকল্প পথ খুঁজতে পারে ক্লাবটি।








