Logo

মানসিক সমস্যায় ভুগছেন ভিনিসিয়ুস, ‘আমার আত্মবিশ্বাস দরকার’

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২০:২৭
মানসিক সমস্যায় ভুগছেন ভিনিসিয়ুস, ‘আমার আত্মবিশ্বাস দরকার’
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে প্রত্যাশিত ছন্দে নেই ভিনিসিয়ুস জুনিয়র। আট ম্যাচে মাত্র এক গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে গোল করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রয়োজনের কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়ুস। রাফিনিয়া চোট পেয়ে মাঠ ছাড়ার পর পাওয়া পেনাল্টিটি নেওয়ার দায়িত্ব মূলত ব্রুনো গুইমারায়েসেরই ছিল। কিন্তু সতীর্থের আত্মবিশ্বাস বাড়াতে তিনি ভিনিসিয়ুসকে পেনাল্টি নেওয়ার সুযোগ দেন।

ম্যাচ শেষে ভিনিসিয়ুস জানান, বর্তমান সময়ে তার কিছুটা আত্মবিশ্বাস প্রয়োজন। বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কাটিয়ে ওঠাও সহজ হয়নি বলে জানান তিনি।

ভিনিসিয়ুস বলেন, ‘সে জানে যে এই মুহূর্তে আমার কিছুটা আত্মবিশ্বাস দরকার। আমার সতীর্থরা জানে যে এখন আমার আত্মবিশ্বাস প্রয়োজন। বিশ্বকাপে হেরে যাওয়াটা মেনে নেওয়া কঠিন ও কষ্টকর এবং ঘুরে দাঁড়ানোটা কখনোই সহজ নয়।’

বিজ্ঞাপন

গুইমারায়েসও ভিনিসিয়ুসকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, জাতীয় দলে খেলোয়াড়দের মধ্যে ব্যক্তিগত অহংকারের কোনো জায়গা নেই; দলের জন্য যা ভালো, সেটিই তারা চান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গুইমারায়েস বলেন, ‘বিশ্বকাপে আনচেলত্তি আমাকে পেনাল্টি নিতে বলেছিলেন। আজ তিনি ভিনিকে নিতে বললেন। ভিনির সত্যিই একটা গোল করার প্রয়োজন ছিল। সে ভালোভাবে এটা নিয়েছে।’

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিও ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ভিনিসিয়ুস এখন নিজের সেরা অবস্থায় নেই, তবে মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতি নিয়ে ধৈর্য ধরতে হবে। তার মতে, সেরা ছন্দে না থাকলেও ভিনিসিয়ুস ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলটি তাই ভিনিসিয়ুসের জন্য শুধু দলের জয়ে অবদান রাখাই নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD