ব্রাজিলের হলুদ জার্সিতে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার

ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে আবারও মাঠে নামার স্বপ্ন দেখছেন নেইমার। ২০২৮ সালের কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরার লক্ষ্য রয়েছে সান্তোসের এই তারকা ফরোয়ার্ডের। তবে সেই স্বপ্ন পূরণে নিজের ফিটনেস ও মাঠের পারফরম্যান্সে আরও উন্নতি করতে হবে তাঁকে।
বিজ্ঞাপন
সম্প্রতি জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নিজের আশার কথা জানিয়েছেন নেইমার। সোমবার (১৬ নভেম্বর) সাও পাওলোর গুয়ারুলহোসে কিংস লিগ কাপের একটি ম্যাচ দেখতে গিয়ে এ বিষয়ে কথা বলেন তিনি।
ফুরিয়ার সহ-সভাপতি হিসেবে ম্যাচটি দেখতে গিয়েছিলেন নেইমার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সান্তোসের সতীর্থ ফিলিপে কুতিনিয়ো ও আর্থার। ঘনিষ্ঠ বন্ধু ক্রিস গুয়েদেসের সঙ্গে সম্প্রচার বুথে বসে ফুটবল ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন ব্রাজিলিয়ান তারকা।
আলাপের একপর্যায়ে গুয়েদেস জানতে চান, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে নেইমার জানান, বিশ্বকাপ পর্যন্ত খেলার বিষয়ে তিনি আশাবাদী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে পরবর্তী কোপা আমেরিকার সাল নিয়ে গুয়েদেস ২০২৭ সালের কথা বললেও টুর্নামেন্টটির পরবর্তী আসর ২০২৮ সালে হওয়ার কথা। বন্ধুর এই ভুলের সূত্র ধরেই কথোপকথনে উঠে আসে ব্রাজিলের হলুদ জার্সিতে নেইমারের ফেরার প্রসঙ্গ।
এ সময় নেইমার মজার ছলে বলেন, সান্তোসের সাদা জার্সিতেই তাঁকে বেশি ভালো লাগে। তবে ব্রাজিলের হলুদ জার্সিতেও যে তাঁকে মানায়, সেটিও স্বীকার করেন তিনি। আর্থারও জাতীয় দলের জার্সিতে নেইমারকে ভালো দেখায় বলে মন্তব্য করেন।
বিজ্ঞাপন
কথোপকথনে গুয়েদেস আরও বলেন, পিএসজিতে থাকার সময়ের তুলনায় বর্তমানে বেশি ম্যাচ খেলছেন নেইমার। তাঁর মতে, শারীরিক সক্ষমতার উন্নতি ধরে রাখতে পারলে ২০২৮ সালের কোপা আমেরিকা হতে পারে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ।
জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে নেইমার বলেন, ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই। আমিও স্বপ্ন দেখি।’
তবে তাঁর এই বক্তব্যে ব্রাজিল দলে ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ পেলেও প্রত্যাবর্তনের বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। আপাতত সান্তোসের হয়ে নিয়মিত খেলা এবং শারীরিক সক্ষমতা ধরে রাখাই তাঁর প্রধান লক্ষ্য। আগামী মৌসুমগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলে ২০২৮ কোপা আমেরিকার আগে জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হতে পারে। একইভাবে ২০৩০ বিশ্বকাপে খেলার স্বপ্নও নির্ভর করছে তাঁর ফিটনেস ও মাঠের পারফরম্যান্সের ওপর।
বিজ্ঞাপন
জাতীয় দলের পাশাপাশি কিংস লিগ নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে নেইমারের। ২০৩০ সালে ফুরিয়ার হয়ে আনুষ্ঠানিক কিংস লিগের ম্যাচ খেলার ইচ্ছা জানিয়েছেন তিনি। সে ক্ষেত্রে সান্তোসের বর্তমান সতীর্থদের সঙ্গে একই দলে মাঠে নামার সম্ভাবনাও রয়েছে এই ব্রাজিলিয়ান তারকার।
সূত্র: গোল ডটকম








