আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকরা ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লঙ্কানদের। আগে ব্যাট করে বিনা উইকেটে ২০৮ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট হাতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন দুই বাংলাদেশি ওপেনার হোসেন ও সালমান। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করে অপরাজিত থাকেন হোসেন। ৬৫ বলের ইনিংসে তিনি হাঁকান সাতটি চার ও একটি ছক্কা। অন্যদিকে সমান ৬৫ বল মোকাবিলা করে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন সালমান। তার ব্যাট থেকে আসে চারটি চার।
দুই ওপেনারের ব্যাটে আসে ১৭৭ রান। বাকি ৩১ রান যোগ হয় অতিরিক্ত খাত থেকে। পুরো ২০ ওভারে বাংলাদেশের কোনো ব্যাটারকে সাজঘরে ফেরাতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়ার সুযোগ হারায় তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানেই থামে লঙ্কানদের ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডি পেরেরা। ৪৪ বলের ইনিংসে একটি চার মারেন তিনি। এ ছাড়া চিরান্থা ২৪ বলে ১৪, পিউমাল ১৫ বলে ১৩ এবং অমরাসিংহে ১২ বলে ১০ রান করেন। সুদেশ ১৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে আরও ২১ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সজিব ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। চাংইয়া ২ ওভারে ৯ রান খরচায় এবং রহমান ৪ ওভারে ২১ রান দিয়ে একটি করে উইকেট নেন। বাকি বোলাররাও আঁটসাঁট বোলিং করে শ্রীলঙ্কার ব্যাটারদের বড় জুটি গড়তে বাধা দেন।
বিজ্ঞাপন
ব্যাটিংয়ে দুই ওপেনারের দুর্দান্ত পারফরম্যান্সের পর বোলারদের নিয়ন্ত্রিত নৈপুণ্যে শেষ পর্যন্ত ৯৫ রানের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ। এ জয়ে এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে নিজেদের শক্তিমত্তার জানান দিল স্বাগতিকরা।








