Logo

ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া: শামা ওবায়েদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৬, ২০:০৪
ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

সৌদি আরবগামী যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। একই সঙ্গে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জাকার্তা সরাসরি বিমান যোগাযোগ চালুর সম্ভাবনা যাচাইয়ের ওপরও গুরুত্ব দিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্তা এসব আগ্রহের কথা জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ ইসলাম। বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

বাংলাদেশের এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে আনিস মাত্তা বলেন, প্রচলিত বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ইন্দোনেশিয়া।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সৌদি আরবে যাতায়াতকারী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট কেন্দ্র হিসেবে ব্যবহারের সুযোগ নিয়েও আগ্রহ প্রকাশ করেন ইন্দোনেশিয়ার এই মন্ত্রী।

বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন শামা ওবায়েদ ইসলাম। শিক্ষা ও প্রশিক্ষণ খাতেও সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের বাংলাদেশে, বিশেষ করে দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ বিবেচনার জন্য উৎসাহিত করেন তিনি।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্তা সরকারি সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। বৃহস্পতিবারই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD