নভেম্বরের ২৩ দিনে সারা দেশে ২১৩টি নাশকতা ঘটিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে সারা দেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এসব ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে তিনি জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত ৬২টি মামলা, ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন তিনি।
তথ্য উপদেষ্টা জানান, ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত।
এ সময়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের ৭২টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন। দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় এ ধরনের মিছিল ও কার্যক্রম বেআইনি বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান।
বিজ্ঞাপন
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, পুলিশের স্থাপনায় চারটি হামলা, পুলিশের গাড়িতে ২৮টি অগ্নিসংযোগ এবং স্থাপনা বা গাড়ি লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ-সংক্রান্ত একটি মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার বিষয়ে পুলিশের তথ্যের বরাত দিয়ে উপদেষ্টা জানান, এ পর্যন্ত ৩৪টি নাশকতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২৫টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ২৩টি অগ্নিসংযোগের ঘটনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও আটটি মামলা ও ১৯টি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।
তিনি আরও জানান, পুলিশের নথিভুক্ত তথ্যের বাইরে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার ৭২টি ঘটনা পাওয়া গেছে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১০০টি শাখায় হামলার দাবি করেছেন। জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় এখন পর্যন্ত দলটির চারজন নেতাকর্মী নিহত হয়েছেন বলেও জানান তথ্য উপদেষ্টা। গোপালগঞ্জে সহিংসতার সময় সংসদ সদস্যসহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি একটি হাসপাতালেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। হাসপাতালের মতো প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয় উল্লেখ করে এসব ঘটনার নিন্দা জানান তিনি।
১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বলে জানান জাহেদ উর রহমান। চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতি ১০ দিনের চক্রে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি সামনে রেখে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। একই সঙ্গে ভারতকেও কমিটি গঠন করে প্রথম বৈঠকে বসার অনুরোধ জানানো হয়েছে। গত ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী ভারতের জলশক্তিমন্ত্রীকে এ বিষয়ে চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা নিয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। এ বিষয়ে আলোচনা চলছে ভারতের সঙ্গে।
তিনি বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর সাজা কার্যকরের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে এবং তাঁকে হস্তান্তরের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।
উপদেষ্টার ভাষ্য, শেখ হাসিনা নিজেও দেশে ফিরতে চাইছেন এবং বাংলাদেশ সরকারও তাঁর প্রত্যর্পণ চেয়েছে। ফলে এ ক্ষেত্রে নতুন করে আইনি জটিলতার প্রশ্ন থাকার কথা নয়।
বিজ্ঞাপন
নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সেখানে হিন্দু সম্প্রদায়ের বড় বসতি নেই। তাঁর অভিযোগ, এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের মূলধারার গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অপতথ্য ছড়াচ্ছে।
এ ধরনের প্রচারণা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর উল্লেখ করে ভারতীয় গণমাধ্যম ও সরকারের প্রতি তা বন্ধের আহ্বান জানান তিনি। তবে নড়াইলে আওয়ামী লীগ সমর্থকদের কিছু বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন উপদেষ্টা। এসব ফৌজদারি অপরাধের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
সীমান্ত দিয়ে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকানো বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিয়মিত দায়িত্ব। ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে ফেরার বিষয়ে বিভিন্ন আলোচনা তৈরি হওয়ায় কোনো অভিযুক্ত ব্যক্তি সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে বিজিবি সতর্ক রয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের চারটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, প্রতিটি ফৌজদারি অপরাধের ঘটনায় মামলা হয়েছে। এসব ঘটনায় তদন্ত ও গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে।
ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।








