ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ ত্যাগ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন তিনি।
এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিজ্ঞাপন
বিশেষ এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক যুগের বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণও অনুষ্ঠিত হয়েছে। তবে প্যারা কমান্ডো ব্রিগেড, সোয়াডস ও ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে বিশেষায়িত এই যৌথ অনুশীলনকে গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখা হচ্ছে।
মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।








