ঢাকায় ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ, সক্ষমতা ১৭৮ মেগাওয়াট

বিদ্যুৎ বিল কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সরকারি-বেসরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেছেন, অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো গেলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও উল্লেখযোগ্য ভূমিকা রাখা সম্ভব।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে. এম. আলী রেজা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডার এবং সাংবাদিকরা অংশ নেন।
ঢাকা জেলায় সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি তুলে ধরে জেলা প্রশাসক ফরিদা খানম জানান, বর্তমানে জেলার প্রায় ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এসব ভবনে গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা প্রায় ১৬২ মেগাওয়াট পিক। অফ-গ্রিড ব্যবস্থাসহ মোট সক্ষমতা দাঁড়িয়েছে প্রায় ১৭৮ মেগাওয়াট পিক।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ একটি সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ। ভবনের নিজস্ব বিদ্যুতের চাহিদা সৌরশক্তির মাধ্যমে পূরণ করা গেলে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে বিদ্যুৎ বিলের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। নেট মিটারিং ব্যবস্থার আওতায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করার সুযোগও রয়েছে।
জেলা প্রশাসক জানান, বর্তমানে ঢাকা জেলায় স্থাপিত গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের ৮৪ শতাংশ বেসরকারি এবং ১৬ শতাংশ সরকারি ভবনে রয়েছে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে আরও ৭১৪টি ভবনে প্রায় ১১৭ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব ভবনের অধিকাংশই সরকারি প্রতিষ্ঠান।
নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে ঢাকা জেলায় গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের মোট স্থাপিত সক্ষমতা বেড়ে প্রায় ২৭৯ মেগাওয়াট পিকে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সৌরবিদ্যুৎ ব্যবস্থার আর্থিক সুবিধা বাড়াতে নেট মিটারিং সংযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ফরিদা খানম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সৌরবিদ্যুৎ স্থাপন করা ভবনগুলোর মাত্র ৬ শতাংশ নেট মিটারিং সুবিধার আওতায় রয়েছে। এই সংযোগ বাড়ানো গেলে ভবনগুলোতে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সহজ হবে। এতে সৌরবিদ্যুৎ ব্যবহারের অর্থনৈতিক সুবিধাও বাড়বে।
কর্মসূচি সফল করতে পর্যাপ্ত বিনিয়োগ, সহজ শর্তে ঋণ, মানসম্মত সরঞ্জাম এবং দক্ষ কারিগরি জনবল নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। সরকারি প্রতিষ্ঠানগুলোকে ভবনের ছাদ সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী করার পাশাপাশি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে দ্রুত নেট মিটারিং সংযোগ দেওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে সার্ভিস প্রোভাইডারদের মানসম্মত কাজ নিশ্চিত করা এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনমালিকদের সৌরবিদ্যুৎ স্থাপনে এগিয়ে আসার অনুরোধ করেন জেলা প্রশাসক।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রুফটপ সোলার কর্মসূচির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় একসঙ্গে সুফল পাওয়া সম্ভব। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে ঢাকা জেলাকে আরও জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।








