স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে কমিশন। এতে মোট ৫৫টি রাজনৈতিক দল অংশ নেওয়ার আমন্ত্রণ পাচ্ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সচিব জানান, তিন দিনের এই সংলাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের মতবিনিময় হয়েছিল, তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। পাশাপাশি নতুন করে নিবন্ধন পাওয়া চারটি রাজনৈতিক দলকেও আলোচনায় যুক্ত করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ গ্রহণ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দলগুলোর প্রস্তাব বিবেচনায় নিতে চায় কমিশন।
বিজ্ঞাপন
এদিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পাঁচ ধাপের রোডম্যাপ ও নির্বাচনী তালিকা ইতোমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, সারা দেশে মোট পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদগুলোর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ধাপের ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হওয়ার পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের। ফলে আগামী কয়েক মাসে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রম আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।








