দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে: ডিসি ফরিদা

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, স্বাধীন জীবনযাপন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা করুণার পাত্র নন; তাঁরা সমাজের সমান অধিকার ও মর্যাদার অধিকারী নাগরিক। তাঁদের জন্য নিরাপদ চলাচল ও স্বনির্ভর জীবনযাপনের উপযোগী পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।
বিজ্ঞাপন
বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ২০০টি সাদা ছড়ি বিতরণ করা হয়।
‘আলোকিত ডিজএবল্ড স্বনির্ভর সোসাইটি’ ও ‘প্রগতি প্রতিবন্ধী মানবকল্যাণ সংস্থা’র প্রতিনিধিদের হাতে এসব সাদা ছড়ি তুলে দেওয়া হয়। এ সময় সংগঠন দুটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতা কোনো মানুষের মেধা, যোগ্যতা, স্বপ্ন কিংবা সম্ভাবনাকে সীমাবদ্ধ করতে পারে না। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনসংগ্রাম, সাহস ও আত্মবিশ্বাস অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের প্রতি শুধু দয়া বা অনুকম্পা দেখানো যথেষ্ট নয়; বরং ভালোবাসা, সম্মান ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সাদা ছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচলের একটি গুরুত্বপূর্ণ সহায়ক এবং আত্মবিশ্বাসের প্রতীক। তবে শুধু সাদা ছড়ি বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না। তাঁদের চলাচলের উপযোগী নিরাপদ ফুটপাত, বাধামুক্ত পথ, প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন এবং সরকারি প্রতিষ্ঠানে সহজে সেবা পাওয়ার ব্যবস্থা গড়ে তোলাও জরুরি।
বিজ্ঞাপন
রাস্তায় চলাচল, যানবাহনে ওঠানামা এবং সরকারি সেবা গ্রহণের সময় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় বলে উল্লেখ করেন জেলা প্রশাসক। এসব বাধা দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
ফরিদা খানম বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে তাঁরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের নাগরিক সেবা গ্রহণ সহজ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি। সরকারি সেবা পেতে গিয়ে কোনো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যেন বৈষম্য, অবহেলা কিংবা অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সমাজের মূলধারায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে সবার সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে অনুষ্ঠানে। নিরাপদ অবকাঠামো, সহজলভ্য নাগরিক সেবা এবং সহায়ক সামাজিক পরিবেশ নিশ্চিত করা গেলে তাঁদের স্বাধীন জীবনযাপনের সুযোগ আরও বাড়বে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়।








