Logo

দুর্গাপূজায় বিআরটিসির বিশেষ সার্ভিস, প্রস্তুত ২০০ বাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১৭:০৩
দুর্গাপূজায় বিআরটিসির বিশেষ সার্ভিস, প্রস্তুত ২০০ বাস
ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু থাকবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন রুটে চলাচলের জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ বাস সার্ভিসের আওতায় অগ্রিম টিকিট বিক্রি ও বাস রিজার্ভের সুবিধা পাওয়া যাবে। এ জন্য শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ঢাকা ও সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপোতে টিকিট বিক্রি এবং বাস সংরক্ষণের ব্যবস্থা চালু হবে।

দেশের বিভিন্ন রুটে চলবে বিশেষ বাস

বিজ্ঞাপন

বিআরটিসির প্রস্তুত করা বাসগুলো ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। এসব রুটের মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ কর্মসূচির আওতায় জেলার অভ্যন্তরীণ এবং আন্তঃজেলা—উভয় ধরনের বাস সার্ভিস চালু থাকবে। যাত্রীদের চাহিদা বিবেচনায় প্রয়োজনে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বিআরটিসি।

ঢাকার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে থাকবে ৬০ বাস

বিশেষ বাস সার্ভিস পরিচালনার জন্য রাজধানী ও আশপাশের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ৬০টি বাস প্রস্তুত রাখা হবে। এর মধ্যে রয়েছে মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনাল।

বিজ্ঞাপন

দুর্গাপূজার ছুটিতে বাড়ি যাওয়া এবং বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের পরিবহন সুবিধা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশেষ বাস সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে বা প্রয়োজনীয় সহায়তা পেতে বিআরটিসির প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। টেলিফোন নম্বর ০২৪১০৫৩০৪২। মোবাইল নম্বর ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯।

আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চালু থাকা এ বিশেষ সার্ভিসের টিকিট ও বাস রিজার্ভের সুবিধা নিতে আগ্রহী যাত্রীদের ১৬ অক্টোবর থেকে সংশ্লিষ্ট বাস ডিপোতে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD