জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় সরকারের সব ক্রয় কার্যক্রম স্থগিত

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের সরকারি ক্রয় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নতুন বিধিমালা প্রণয়ন এবং রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর আওতায় প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের কাজ শেষ না হওয়া এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সরকারি ক্রয়ের ক্ষেত্রে এই স্থগিতাদেশ বহাল থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নির্দেশনার আওতায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যসম্পাদন, সেবা গ্রহণ এবং পণ্য সরবরাহের জন্য দরপত্র আহ্বান ও ক্রয়সংক্রান্ত কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনের বিষয়গুলো এ স্থগিতাদেশের বাইরে রাখা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত সিদ্ধান্তটি কার্যকর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের সব সিটি করপোরেশন, ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভাসংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নির্দেশনাটি সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক এবং পৌরসভার প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
নতুন বিধিমালা ও রেট শিডিউল প্রকাশের আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নিয়মিত দরপত্র ও সরকারি ক্রয় কার্যক্রমে প্রভাব পড়তে পারে। তবে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনের আওতাভুক্ত ক্রয় কার্যক্রম চালানোর সুযোগ রাখা হয়েছে।








