Logo

৪৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১
৪৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
প্রতীকী ছবি

৪৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জনকে নিয়োগ দিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশের প্রায় ১০ মাস পর এসব প্রার্থীকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ-সংক্রান্ত নিয়োগ আদেশ প্রকাশ করা হয়।

নিয়োগ আদেশে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশনা না এলে নির্ধারিত তারিখেই তাঁদের কর্মস্থলে যোগ দিতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে আগ্রহী নন বলে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে তাঁর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্ন ধরনের তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেছে।

বিজ্ঞাপন

এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ওই সময় বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্য থেকে এবার ১ হাজার ৭০২ জনকে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। ফলে চূড়ান্ত সুপারিশের তুলনায় নিয়োগের সংখ্যা কমেছে ১০৫ জন।

নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD